২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে ও পাম্পে র‍্যাবের অভিযান, জরিমানা

ঢাকা ও গাজীপুরের টঙ্গীতে সাতটি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 10:51 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

এছাড়া রাজধানীর মহাখালীতে বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে সঠিক পরিমাণে জ্বালানি তেল না দেওয়াসহ কয়েকটি অপরাধে ১০ লাখ টাকা জরিমানা এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‍্যাব সদস্যদের সহায়তায় পরিচালিত এসব ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এসব অভিযানের মধ্যে দুপুরে ঢাকার বংশাল থানাধীন চানখারপুল এলাকায় ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এর নেতৃত্বে র‍্যাব-১০ এর একটি দল অভিযান শুরু করে।

এসময় চানখারপুল জেনারেল হাসপাতাল ও আলকেমি মেডিকেল সেন্টার এবং একে একে শাহবাগ থানাধীন আনন্দবাজার এলাকার লাইফ সেফ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার, লালবাগ থানাধীন নাজিমউদ্দিন রোডের ক্রিয়েটিভ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারে এ অভিযান চালানো হয়।

অনিরাপদ রক্ত সরবরাহ ও পরীক্ষা ছাড়াই রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়ার অপরাধে এসব প্রতিষ্ঠানকে ছয় লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট সারওয়ার।

এছাড়া টঙ্গীতে ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে র‍্যাব-১ একট দল দুপুরে এশিয়া ডায়াগনস্টিক কমপ্লেক্স, আইচি মেডিকেল সেন্টার এবং আল-কারিম ইসলামী হাসপাতাল এ অভিযান চালায়।

এই তিনটি প্রতিষ্ঠানকে ম্যাজিস্ট্রেট পাঁচ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সরে মেশিনের লাইসেন্স হালনাগাদ নবায়ন না থাকায়, এক্সরে রুম যথাযথভাবে নির্মিত না হওয়ায়, পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকা, পরিবেশ অস্বাস্থ্যকর এবং অন্য ডায়াগনস্টিক সেন্টার হতে রিপোর্ট তৈরি করার অপরাধে এই জরিমান করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-২) ডা. মনজুর আহমেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন।

এদিকে র‍্যাব-২ এর একটি দল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এর পরিচালনায় রাজধানীর মহাখালীতে শহীদ তাজউদ্দিন আহমেদ অ্যাভিনিউ এলাকায় কয়েকটি সিএনজি স্টেশন ও পাম্পে অভিযান চালায়। 

অভিযানে সিএম সার্ভিসিং স্টেশন অ্যান্ড সুপার প্লাস সিএনজি ফিলিং স্টেশন-২, তশোফা ফিলিং স্টেশন, মেসার্স সোহাগ ফিলিং অ্যান্ড সার্ভিসিং সেন্টার, মেসার্স ইসা গার্ডেন প্রা. লি., এসআর এন্টারপ্রাইজ, স্বাধীন বাংলা ফিলিং অ্যান্ড সার্ভিসিং সেন্টার থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়।

সঠিক পরিমাণে জ্বালানি তেল না দেওয়া, জ্বালানি তেলে বিশেষ করে অকটেনে কেরোসিন, পোড়া মবিল, ডিজেল মেশানো, সিএনজি মিটারে কারসাজির মাধ্যমে অবৈধভাবে গ্যাস কম দেওয়ার অভিযোগে এই তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লি. এর পরিচালক (অপারেশন) এ আই এম নুরুল্লাহ এবং বিএসটিআই এর সহকারী পরিচালক মোনাফ হোসাইন অভিযানে সহায়তা করেন।