প্রধানমন্ত্রীর উপর চাপ কমান: কর্মকর্তাদের মন্ত্রী
সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত দেওয়ার মানসিকতা ও দক্ষতা অর্জনের উপর জোর দিয়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।
প্রধানমন্ত্রীর উপর থেকে কাজের চাপ কমানো ও প্রশাসনে কাজের গতিশীলতা আনতে এই পদক্ষেপ চেয়েছেন তিনি।
মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার ‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে এক কর্মশালায় এ বিষয়ে কথা বলেন মন্ত্রী।
মেননকে উদ্ধৃত করে বিমান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, “দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তারা ‘সদয় সিদ্ধান্ত দেওয়ার জন্য উপস্থাপন করা হলো’ নোট দিয়ে ফাইল উপরে পাঠিয়ে দিচ্ছেন।
“এভাবে যেতে যেতে সমস্ত সিদ্ধান্ত দেওয়ার ভার একজনের উপর অর্থাৎ, প্রধানমন্ত্রীর উপর এসে পড়ে। এতে প্রধানমন্ত্রীর উপর মাত্রাতিরিক্ত চাপের সৃষ্টি হয়। অন্যদিকে উন্নয়নসহ প্রশাসনের সকল কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে।”
প্রশাসনকে এই বৃত্ত থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান মেনন।
তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সুশাসন। আদেশ দিয়ে কিংবা দুর্ব্যবহার করে নয় অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। সব স্তরেই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
১৯৭৯ সালে দারিদ্র সীমার নিচে বসবাসকারীর জনসংখ্যা ৫৯ শতাংশ থাকলেও ২০১৫ সালে তা ২২ শতাংশে পৌঁছার তথ্য তুলে ধরেন মেনন।
তিনি বলেন, এই অসামান্য অর্জনে সকলের নিরন্তর পরিশ্রমের পাশাপাশি নীতি নির্ধারণ ও বাস্তবায়নে সরকারি কর্মকর্তরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বিমাননের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানসহ মন্ত্রণালয় ও অধীনস্ত সংস্থার কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
