২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখনও শিহরণ জাগায়’

স্বাধীনতার ৪৫ বছর পরেও জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ শুনলে মানুষের মনে শিহরণ জাগে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 12:42 AM

Updated : 20 Aug 2022, 12:05 PM

সোমবার সন্ধ্যায় ঢাকায় ‘৭ মার্চের ভাষণের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভার বক্তব্যে তিনি বলেন, “৭ মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে পৃথিবীর যেসব শ্রেষ্ঠ ভাষণ রয়েছে তার মধ্যে এই ভাষণ স্থান পেয়েছে। 

“তার চেয়ে বড় কথা হচ্ছে- এই ভাষণটির মধ্য দিয়ে একটি জাতির পথরেখা চিহ্নিত হয়ে গেছে। বঙ্গবন্ধু যে অসাধারণ বাগ্মিতা, তা এই ভাষণের মধ্য দিয়ে তা দেখতে পাই। আজকে ৪৫ বছর পরে যখন সেই ভাষণ শুনি আমাদের মনে শিহরণ জাগে।”

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতিকারীদের ক্ষমা নাই, ষড়যন্ত্রকারীদের বিচার চাই,’ শ্লোগানে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী পথনাটক উৎসবের শেষদিনে এই আলোচনা সভা হয়। গত ১ মার্চ শুরু হয় এই পথনাটক উৎসব।

রামেন্দু মজুমদার বলেন, “এই ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালির মুক্তির কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন- বলেছেন মুক্তিযুদ্ধের ভবিষ্যতের কথা।তিনি জানতেন তাকে হয়তো মেরে ফেলা হবে, সেইজন্য তিনি না থাকলে জাতিকে কী করতে হবে- সেই ভাষণেই ঘোষণা হয়ে গিয়েছিল।

“আনুষ্ঠানিকভাবে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা করেছিলেন, কিন্তু অনানুষ্ঠানিকভাবে ৭ মার্চেই তিনি স্বাধীনতার ঘোষণা করে গিয়েছিলেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে যাত্রা করেছে মন্তব্য করে অন্ধকার থেকে মুক্তি পেতে ও সত্যিকারের সোনার বাংলা গড়তে সেই যাত্রায় সবাই সামিল হলে ৭ মার্চের ভাষণের পযালোচনা অর্থবহ হবে বলে মনে করেন এই নাট্যব্যক্তিত্ব।

তিনি বলেন, “আমরা বঙ্গবন্ধু সেই সোনার বাংলা ফিরে পেতে চাই- যে সোনার বাংলা স্বপ্ন বঙ্গবন্ধু নিজেও দেখেছিলেন, গরীবের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন।”

এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়া উদ্দেশে দেশকে ভালোবাসা পরামর্শ দিয়ে রামেন্দু মজুমদার বলেন, “আমরা কি দেখেছি, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মেরেছে।

এটি বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের চেয়ে কত পার্থক্য। সুতবাং আগে মানুষকে ভালোবাসতে হবে, তাহলেই শুধু দেশের নেতা হওয়া যায়।”

বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কবি মুহাম্মদ সামাদ ও নাট্যজন লাকী ইমামসহ অন্যরা সভায় বক্তব্য দেন।