২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বাংলা কনসার্টে উদ্বেল তারুণ্য

একাত্তরের যে ভাষণকে কেন্দ্র বাঙালির স্বাধীকারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে রূপ নিয়েছিল, সেই ভাষণের ৪৫ বছরপূর্তির দিনে একমঞ্চে ফিরল আগুন ঝরা সেই অতীত।

রিয়াজুল বাশার

সুলাইমান নিলয় ও মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 05:02 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

সোমবার ঢাকায় আর্মি স্টেডিয়ামে এই আয়োজনে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্দীপনামূলক গান থেকে এই সময়ের জনপ্রিয় বিভিন্ন ব্যান্ডের গান। ছিল পাকিস্তানি শোষণের বিরুদ্ধে বাঙালির সংগ্রামের চিত্রায়ন ‘ড্রামা শো’।

সাদাকালো ক্যামেরায় ধারণ করা ৭ মার্চের ভাষণের রঙিন সংস্করণ হাজারো তারুণ্যের উচ্ছ্বাসে দিয়েছিল অন্য রকম মাত্রা।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এবং সহযোগী প্রতিষ্ঠান ‘ইয়াং বাংলা’র উদ্যোগে আয়োজন করা এই কনসার্টে হরেক রঙের আলোর খেলা, আতশবাজি আর লেজার শোতে মধ্যরাত পর্যন্ত মেতে ছিল প্রায় ৩০ হাজার দর্শক।

বিকালে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে কনসার্টের দ্বিতীয় আসরের পর্দা উঠে। ২০১৫ সালের একই দিনে বসেছিল প্রথম আয়োজন।

কনসার্ট শুরুর কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধুর দুই দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ সরকারের বেশ কয়েকজন তরুণ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য স্টেডিয়ামে ঢোকেন।

Image
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর শিল্পীদের পারফর্মিং আর্ট।

ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর শিল্পীদের পারফর্মিং আর্ট।

Image
ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বড় পর্দায় দেখানো হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বড় পর্দায় দেখানো হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

জাতীয় সঙ্গীতের পর গান নিয়ে আসে ব্যান্ডদল আরবোভাইরাস। ‘এক সাগর রক্তের বিনিময়ে’ আর ‘আমরা করব জয় একদিন’ এর পর নিজেদের কয়েকটি গান গেয়ে শোনান তারা।

তাদের উপস্থাপনা শেষ হতে না হতে মঞ্চের পর্দায় ভেসে উঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতোই মার্চের ভাষণের রঙিন ভিডিও প্রকাশের প্রমো।

তার সঙ্গে দেখানো হয় বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে নির্মিত ‘গর্জে ওঠো বাংলাদেশ’ প্রামাণচিত্র।

‘গর্জে ওঠো বাংলাদেশ’ প্রদর্শনের পর মঞ্চের পেছন থেকে আকাশের দিকে উঠে লাল সবুজের আতজবাজির ঝলকানি। এমন পরিবেশনায় করতালি আর ছবি তোলার হিড়িক পড়ে যায়।

এরপর মঞ্চে আসে ব্যান্ড নেমেসিস। ‘ধন ধান্যে পুষ্পভরা’ আর ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ পরিবেশনের পর নিজেদের কিছু জনপ্রিয় গানে তারা মাতিয়ে তোলে শ্রোতাদের।

এরপর আলো বন্ধ করে লেজারের প্রদর্শনীর সঙ্গে চলে আতশবাজির ঝলকানি। এ সময় আর্মি স্টেডিয়ামের গ্যালারি থেকে মোবাইলের লাইট জ্বেলে আলো-আঁধারির খেলা খেলেন অনেকে।

নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের মধ্যে মঞ্চে আসে ব্যান্ড ‘শূন্য’। ‘জয় বাংলা বাংলার জয়’ পরিবেশনের পর দলটি নিজেদের কয়েকটি গান গেয়ে শোনায়।

Image
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ শিল্পীদের পরিবেশনা।

তাদের গানে উপস্থিত সকলের মুখ মেলানোর মধ্যে মঞ্চে শুরু হয়ে যায় বাংলাদেশের ইতিহাসের উপস্থাপনা।

মঞ্চে নাটকের দল ‘প্রাচ্যনাট’ পরিবেশনায় ১৯৪৭ সালে ভারত ভাগের পর থেকে ৭ মার্চ ১৯৭১ সাল পর্যন্ত নানা ঘটনাক্রম তুলে ধরার মধ্যে মঞ্চে আসেন ‘রঙিন বঙ্গবন্ধু’।

জাতির জনকের ১৯ মিনিটের এই ভাষণের সঙ্গে শ্রোতা-দর্শকরা যেন ফিরে যান একাত্তরের মার্চের উত্তাল সেই সময়ে।

বন্ধুদের সঙ্গে কনসার্টে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে মূলত এই ভাষণটির রঙিন সংস্করণ দেখানো হবে জেনেই এখানে এসেছি।

“বাঙালি মাত্রই বঙ্গবন্ধুর এই ভাষণটির সঙ্গে খুবই পরিচিত। আজ সেই পরিচয়ে নতুন মাত্রা পেয়েছে। আমরা ভিন্নভাবে এই ভাষণটি দেখতে পেরেছি। এটা যেন একাত্তরের সেই ৭ মার্চের ভাষণের ক্ষণের মতোই।”

প্রথমবারের মতো রঙিন ফরম্যাটে আনা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেখানোর পর বড়পর্দায় দেখানো হয় ইয়ং বাংলার বিভিন্ন উদ্যোগ।

তাদের উদ্যোগে দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা আর করতালির দিয়ে স্বাগত জানানোর মধ্যে মঞ্চে আসে ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ড।

Image
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ শিল্পীদের পরিবেশনা।

ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ শিল্পীদের পরিবেশনা।

Image
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ শিল্পীদের পরিবেশনা।

ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ শিল্পীদের পরিবেশনা।

এরপর মঞ্চের আলো নিভিয়ে লেজার শো’র আলো-আঁধারির খেলায় হাজির হন ‘বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুর নানাভঙ্গির ছবি দর্শকদের সামনে তুলে ধরা হয় এ সময়।

ব্যাকগ্রাউন্ড থেকে যখন বাজছিল বঙ্গবন্ধুর উচ্চারণ ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’, তখন লেজারে বাংলাদেশের নানা রকমের ঘর দেখানো হয়। বঙ্গবন্ধু যখন বলছিলেন, ‘তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাক’ তখন লেজারে ফুটে উঠে কাস্তে, হাতুড়ি, লাঠি।

আলোর এমন খেলায় স্টেডিয়ামের প্রতিটি কোণে জড়ো হওয়া তরুণ-তরুণীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়।

‘লেজার শো’র পর আলো জ্বলের ওঠার পর মঞ্চে দেখা যায় এ সময়ের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ এর সদস্যদের।

‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা’ গান পরিবেশনের পর তারা নিয়ে আসে ‘সারাবেলা বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’ এর মতো জনপ্রিয় সব গান।

Image
ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর শিল্পীদের পারফর্মিং আর্ট।

ঐতিহাসিক ৭ই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর শিল্পীদের পারফর্মিং আর্ট।

Image
ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বড় পর্দায় দেখানো হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

ঢাকার আর্মি স্টেডিয়ামে সোমবার ‘জয় বাংলা কনসার্টে’ বড় পর্দায় দেখানো হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

এরপর দর্শকদের সামনে মঞ্চের পর্দায় ইয়ং বাংলার বিভিন্ন প্রশিক্ষণ উদ্যোগ তুলে ধরার পর মঞ্চে আসে গানের দল ‘লালন’।

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ পরিবেশনের পর তারা ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’, ‘সময় গেলে সাধন হবে না’র মতো জনপ্রিয় কয়েকটি গান শোনায়।

সবশেষে মঞ্চে আসে বাংলাদেশের মেটাল ব্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ওয়ারফেজ। কনসার্টে ওয়ারফেজ গায় ‘ধূসর মানচিত্র’ গানটি। ব্যান্ডের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘অসামাজিক’-এর এই গানটির এক পর্যায়ে কমলের গিটারে বেজে ওঠে ‘একুশের গান- এর সুর।

একাত্তরে মুক্তিযোদ্ধাদের প্রেরণা হয়ে উঠেছিল যেসব গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সেসব গানও পরিবেশন করে ব্যান্ডগুলো।

জয় বাংলা কনসার্ট রাত ১১টা পর্যন্ত চলার কথা থাকলেও তা গড়িয়ে যায় আরও অনেকক্ষণ।

কনসার্ট উপভোগ করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুরাদ আহমেদ, মাহজাবিন খালেদ, তানভির শাকিল জয় ও জাহিদ আহসান রাসেল।

শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার তরুণ-তরুণীরা ভিড় করেন আর্মি স্টেডিয়ামে।

কনসার্টের অন্যতম আয়োজক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস জানিয়েছেন, কনসার্ট উপভোগ করতে ৪০ হাজার দর্শকশ্রোতা নিবন্ধন করেন। স্টেডিয়ামে প্রবেশ করেন প্রায় ৩০ হাজারের মতো।

এবারের আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের দিনটিতে গত বছর থেকে জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে সিআরআই।