১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব
প্রথমবারের মতো বসন্ত উৎসব করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ মার্চ মলচত্বরে অনুষ্ঠিত হবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসব’।
রোববার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির সভাপতি ওয়াসেক সাজ্জাদ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে কালচারাল সোসাইটি ও পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি এবং উৎসবের লোগো উন্মোচন করা হয়।
ওয়াসেক সাজ্জাদ জানান, উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের গ্রামীণ পরিবেশনার পাশাপাশি মঞ্চ নাটক, পুতুল নাচ, ভাওয়াইয়া, ভাটিয়ালি গান পরিবেশিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফিজুর রহমান, জেনারেল ম্যানেজার (সেল্স) মাসুদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী, সাধারণ সম্পাদক আহসান রনি প্রমুখ।
