২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমোডর জুলফিকারের গ্যাটকো মামলা চলবে

গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলীর করা আবেদন খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 07:14 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

সেই সঙ্গে তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশও তুলে নিয়েছে আদালত।

জরুরি অবস্থার সময় দুর্নীতি দমন কমিশনের করা এই মামলা বাতিল চেয়ে জুলফিকারের আবেদনে আট বছর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট।

সে সময় জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।

এর ফলে নিম্ন আদালতে জুলফিকার আলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম চালিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকল না বলে রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ মামলায় তার আবেদনে দেওয়া স্থগিতাদেশ আদালত প্রত্যাহার করে নিয়েছে।”

জুলফিকারের পক্ষে এ মামলায় শুনানি করেন মাহবুব উদ্দিন খোকন।

অভিযোগপত্র দাখিলের পর গ্যাটকো দুর্নীতি মামলা বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেঁজগাও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। পরে মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর কমোডর জুলফিকার আলীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

মামলাটি বাতিলের জন্য ২০০৮ সালে হাই কোর্টে যান জুলফিকার। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছর ১৩ অগাস্ট হাই কোর্ট তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে।

সেই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত। তখন থেকেই জুলফিকার জামিনে রয়েছেন।

ওই রুলের চূড়ান্ত নিষ্পত্তি শেষে রোববার জুলফিকারের আবেদন হাই কোর্ট খারিজ করে দিলো।

এর আগে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের আবেদনেও একই রায় আসে।

বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মতিউর রহমান নিজামীও এ মামলার আসামি।