২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে ভর-দুপুরে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

রাজধানীর আগারগাঁওয়ে এক বিকাশ এজেন্টকে গুলি করে ১৫ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 06:37 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

শনিবার দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ের তালতলার সংগীত কলেজের পেছনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত বিকাশ এজেন্ট সাইদুল ইসলাম (৪০)।

পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সাইদুল সাংবাদিকদের বলেন, “একটি প্রাইভেটকারে করে আমরা তিনজন টাকা সংগ্রহ করছিলাম। সংগীত কলেজের পেছনে পৌঁছলে একটি সিএনজিচালিত অটোরিকশা গাড়ির গতিরোধ করে। এসময় তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে গাড়ির কাচ ভাঙচুর শুরু করে।”

তিনি জানান, দুর্বৃত্তরা রড দিয়ে তাদের গাড়ি ভাঙচুরের পর চালক ও তার দুই সহকর্মী ভয়ে পালিয়ে যান। এসময় সন্ত্রাসীরা তার পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

গাড়িতে থাকা বিকাশের মানি কালেক্টর রাজু হাসান সাংবাদিকদের বলেন, “মোট ১৫ লাখ ১১ হাজার টাকা ছিল। আমরা সংগ্রহ করা টাকা নিয়ে ধানমণ্ডি ২৭ নম্বর যাচ্ছিলাম।”

গাড়ির চালক আসাদুজ্জামান বাবু বলেন, “হঠাৎ সিএনজি ব্রেক করে। সঙ্গেসঙ্গে তিনটি মোটারসাইকেলে ছয়জন এসে গাড়ি ভাঙচুর শুরু করে। তাদের হাতে রড ও আগ্নেয়াস্ত্র ছিল।”

শেরেবাংলা নগর থানার ওসি জি.জি. বিশ্বাস বলেন, “অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ কিছু ফুটেজ সংগ্রহ করেছে। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।”