২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ধর্মঘটের হুমকি সিএনজি অটোরিকশাচালকদের

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘হয়রানির’ প্রতিবাদে ১৪ মার্চ সারাদিন ধর্মঘটের হুমকি দিয়েছেন ঢাকার সিএনজি অটোরিকশাচালকরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 12:25 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

শনিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে ‘ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন’ এই হুমকি দেয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক মো. আবু ওহাব বলেন, “বিআরটিএ মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিনিয়ত বহু চালককে শাস্তি, জেল, জরিমানা করছে, অথচ ট্রাফিক আইনে এই ধরনের কোনো নিয়মনীতি নেই। নো-পার্কিং এর নামে বহু চালককে জরিমানা, গাড়ি রেকারিং এবং ডাম্পিং অহরহ করে যাচ্ছে।”

এই ‘হয়রানি’ বন্ধের দাবিতে সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, ডিএমপি কমিশনারকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও দিয়েছেন অটোরিকশাচালকরা।

১১ মার্চের মধ্যে দাবি মানা না হলে ১৪ মার্চ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট হবে, বলেন আবু ওহাব।

সম্প্রতি সিএনজি অটোরিকশার নতুন ভাড়ার হার নির্ধারণের পরও চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। তা ঠেকাতে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে নেমেছে।

ভাড়া বেশি নেওয়ার বিষয়টি স্বীকার করে সংবাদ সম্মেলন চালকদের নেতা ওহাব বলেন, “সরকার গাড়ির জমা নির্ধারণ করেছে ২৪ ঘণ্টায় ৯০০ টাকা। কিন্তু মালিকরা ২ শিফটে ১৪০০-১৫০০ টাকা নিচ্ছে।

“এই জমা দিতে গিয়ে আমরা চালকরা যাত্রীদের কাছ থেকে যখন ২০ টাকা চেয়ে নিই, তখন জেল-জরিমানা করা হয়।”

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ চালকদের পক্ষে সাতটি দাবি তুলে দরেন।

দাবিগুলো হলো- কথায় কথায় গাড়ি রেকারিং ও জেল-জরিমানা করা যাবে না, কারাবন্দি চালকের মুক্তি দিতে হবে, ৫ হাজার অটোরিকশা চালকদের নামে দিতে হবে, সরকার নির্ধারিত ২৪ ঘণ্টার ৯০০ টাকা জমা পুনঃবিবেচনা করতে হবে, পার্কিংয়ের ব্যবস্থা না করে ‘নো-পার্কিং মামলা’ করা যাবে না, ইকোনমিক লাইফ বৃদ্ধি করা গাড়ি জমা ৬০০ টাকা নিতে হবে, শ্রম আইন অনুযায়ী চালকদের নিয়োগপত্র দিতে হবে।

পুরনো খবর:

দুর্ভোগ, নৈরাজ্য, বিড়ম্বনা
মিটারে চলতে মালিকদের ‘সুমতি’ চান চালকরা
সিএনজি অটোরিকশা চালকদের এখনও ‘মিটারে পোষায় না’