২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফুলগাজীর চেয়ারম্যানকে অপসারণের নির্দেশ ইসির

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেআইনি কার্যক্রম করার অভিযোগ এনে ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদারকে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 06:28 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয় বলে জানান ইসির উপ-সচিব সামসুল আলম।

তিনি বলেন, একইসঙ্গে উপজেলা চেয়ারম্যানসহ দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ফেনীর পুলিশ সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে নির্বাচনী কার্যালয় ভাংচুর ও প্রভাব খাটানোর অভিযোগে বুধবার ফুলগাজীর ছয়টি ইউপির সবকটির ভোট বন্ধ করে দেয় ইসি।

দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ভোট হওয়ার কথা ছিল ফুলগাজীর ছয়টি ইউপিতে। আর বুধবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন।

ইসির উপ-সচিব সামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা চেয়ারম্যানকে অপসারণে স্থানীয় সরকার বিভাগকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ইউপি নির্বাচনে বেআইনি কার্যক্রম, গণতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা, জনগণের মনে ভীতি সঞ্চার করা, দেশে-বিদেশে ইসি ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি।

“রাষ্ট্রের স্বার্থের হানিকর কার্যক্রম করায় তাকে তার পদ থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি নির্দেশ প্রদান করেছে।”

উপ-সচিব সামসুল বলেন, পুলিশ সুপারেরর কাছে আলাদা চিঠিতে বলা হয়েছে, মনোনয়নপত্র বিতরণ ও জমায় বাধা এবং ভয়ভীতি দেখানো, কর্মকর্তা-কর্মচালীকে লাঞ্ছনা ও নির্বাচনী অফিস ভাংচুর করায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যানসহ দায়ীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিক ইসিকে জানাতে হবে।

পুরনো খবর:

ফুলগাজীর সব ইউপিতে ভোট বন্ধ