দোকানের সামনে ফুটপাতের দখল ছাড়তে হবে ৭ দিনে: আনিসুল
ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল সরাতে ব্যবসায়ী নেতাদের সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
অবৈধ দখলের বিরুদ্ধে টানা সাতদিন সচেতনতামূলক প্রচারের পর অভিযান শুরু হবে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ার করেন তিনি।
সিটি করপোরেশন এলাকায় নাগরিক দুর্ভোগ দূর করা ও সেবার মান বাড়াতে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার দোকান মালিকদের সঙ্গে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা করেন মেয়র।
এর আগে ঢাকা উত্তরের ২৫টি থানার ওসি, ভবন মালিক ও ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে তাদেরও মতামত নেন তিনি।
এদিন গুলশান ক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় মেয়র বলেন, “সিটি করপোরেশনের পক্ষ থেকে দখলদারদের বিরুদ্ধে আদালতে যেতে চাই না। তবে প্রয়োজনে যদি একবার আইনি পন্থায় যাই- তাহলে দোকানদাররা অনেক ‘সাফার’ করবেন। আদালতের নির্দেশে দোকান বন্ধ হয়ে যাবে।”
মতবিনিময় সভায় উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছে একটি লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে দোকানের মালামাল রাখার ক্ষেত্রে অবৈধ দখল ছেড়ে দেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগে আবর্জনা পরিষ্কার করা, দেয়াল লিখন বন্ধ করা, ট্রেড লাইসেন্স দৃশ্যমান স্থানে রাখা এবং দোকানের সাইনবোর্ড নিয়ম অনুযায়ী স্থাপনের জোর অনুরোধ জানায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
দোকান মালিক সমিতির নেতাদের উদ্দেশে মেয়র বলেন, “আপনাদের কাছে বেশি কিছু চাই না।দোকানের যে মাপ, সেই মাপ অনুযায়ী মালগুলো রাখুন। ময়লা আবর্জনা পরিষ্কার রাখুন।”
মতবিনিময় সভায় বিভিন্ন মার্কেট ও অঞ্চলের ব্যবসায়ী নেতাদের মতামতও শোনেন মেয়র।
মহাখালী-গুলশান-বনানী এলাকার দোকান মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, “ফুটপাত দোকানদাররাই দখল করছে। প্রথমে মাইকিং, পরে নোটিশ- এর পরে অ্যাকশনে যান। যত সাহায্য লাগে আমরা করব।”
এই ব্যবসায়ীর এক দাবির জবাবে মেয়র বলেন, মহাখালী গুলশান বনানী এলাকায় লেকের ওপর সাতটি ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে।
তবে দোকানের অবৈধ অংশ অপসারণে একটু সময় লাগবে বলে জানান খিলগাঁও-তালতলা এলাকার দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির আজাদ।
জবাবে মেয়র আনিসুল বলেন, “এগুলো একটি সিদ্ধান্ত গ্রহণের এবং আধা ঘণ্টার মধ্যে বাস্তবায়নের ব্যাপার। তবুও সাতদিন সময়ে দেওয়া হল। এরপর অ্যাকশন শুরু হয়ে যাবে।”
মালিবাগ মার্কেটের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মন্টু তার এলাকায় আবুল হোটেল ও কর্ণফুলী মার্কেটকে ঘিরে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে দাবি করে বলেন, “পুলিশ, কাউন্সিলর ও মেয়রের সমন্বয়ে সমস্যাগুলোর সমাধান সম্ভব। আপনি সশরীরে কাউন্সিলরদের নিয়ে একবার করে তৃণমূলে যান, মানুষের সমস্যা নিজ চোখে দেখুন- সবাই খুশি হবে।”
ঢাকা সিটিতে প্রয়োজনের তুলনায় বেশি মার্কেট হয়েছে দাবি করে আর কোনো মার্কেট যাতে না হয় সেজন্য সিটি করপোরেশনকে খেয়াল রাখার আহ্বান জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব শাহ আলম খন্দকার।
“সিটিতে আর যেন মার্কেট নির্মাণ না হয় সিটি করপোরেশনকে তা খেয়াল রাখতে হবে। ঢাকায় দোকান বেড়ে গেছে, কিন্তু সে অনুযায়ী ক্রেতা নেই। ব্যবসায়ীরা সারাদিন হাত গুটিয়ে বসে থাকে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এসএ কাদের কিরণ, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি কামাল হোসেন, কাউন্সিলর মোবাশ্বের হোসেন চৌধুরী, নুরুল ইসলাম রতন, মফিজুর রহমানসহ বেশ কয়েকজন ব্যবসায়ী অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরেন।
