২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিঙ্গাদের সঙ্গে ওদের আনন্দঘন সময়

স্নায়ুবিক বিকাশজনিত প্রতিবন্ধিতা অতিক্রমের প্রচেষ্টায় অনেকাংশেই সফল হয়েছে ফরহাদ, সুপ্ত, সাদ্দামরা; শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় নাচ-গান আর কবিতায় তারই স্বাক্ষর রেখেছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 01:26 AM

Updated : 11 Oct 2022, 07:52 PM

এশিয়া কাপ খেলতে ঢাকায় আসা শ্রীলঙ্কার ক্রিকেট দলের সদস্যরা বুধবার ঢাকার হোটেল লো মেরিডিয়ানে প্যারেন্টস ফোরাম ফর ডিফ্রেন্টলি অ্যাবল (পিএফডিএ) এর ভোকেশনাল ট্রেনিং সেন্টারের একদল শিক্ষার্থীর সঙ্গে আড্ডার আয়োজনে বসে।

অধিনায়ক লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, নিরোশান ডিকওয়েলা, চামিরা কাপুগেদারা, জেফ্রি ভ্যান্ডারসে ওই অনুষ্ঠানে ছিলেন।

আনন্দ আয়োজনে দেশীয় ও শ্রীলঙ্কান গান, কবিতার পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গে ভাব বিনিময় করে তারা। লঙ্কান ক্রিকেটাররাও অটিস্টিক তরুণদের সঙ্গে গলা মেলান।

শ্রীলঙ্কা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, লো মেরিডিয়ান হোটেল ও আপেক্স ফুটওয়্যার সম্মিলিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ভাইস প্রিন্সিপাল বেগম নুর জাহান দিপা জানান, অটিজম, ডাউন্স সিনড্রোম, সেরিব্রাল পালসি, বুদ্ধি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধিতায় আক্রান্ত ১৬ বছরের ঊর্ধে ২৭ জন তরুণ-তরুণী ওই অনুষ্ঠানে অংশ নিয়েছে। মানসিক প্রশান্তির জন্য শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে এমন আয়োজনে যুক্ত করা হয়েছে তাদের।

২০১১ সালে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বাবা-মাদের সংগঠন প্যারেন্টস ফোরাম ফর ডিফ্রেন্টলি অ্যাবল গঠিত হয়। তাদের প্রচেষ্টায় প্রায় দেড় বছর ধরে চলছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার।

নুর জাহান দিপা আরও জানান, প্রতিবন্ধিতার শিকার এসব তরুণ-তরুণীরা একেক জন একেক কাজে আগ্রহ দেখিয়ে থাকে। তাদের কেউ কার পরিষ্কার, গার্ডেনিং, কম্পিউটার ডিজাইনিংসহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ নিচ্ছে সেন্টার থেকে।