২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারদের অভিনন্দন রাষ্ট্রপতির

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 11:28 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

বুধবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

চিকিৎসার জন্য লন্ডন সফররত আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে।”

গত ২৮ ফেব্রুয়ারি চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান রাষ্ট্রপতি। আগামী ৭ মার্চ তার দেশে ফেরার কথা।