ফিলিং স্টেশনের সিএনজি মিটার পরীক্ষা হবে
চারটি বিভাগীয় শহরের ফিলিং স্টেশনগুলোর সিএনজি মিটার পরীক্ষা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আগামী তিন মাসের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরের সিএনজি মিটারিং পরীক্ষার কাজ শুরু হবে বলে মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৫-১৬ অর্থ বছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি বিভাগীয় শহরের ফিলিং স্টেশনের সিএনজি মিটারিং সিস্টেম পরীক্ষায় ৭ কোটি ৪০ লাখ টাকায় একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
“শিগগিরই ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগীয় শহরের বিএসটিআই কার্যালয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে।”
দেশের ফিলিং স্টেশনগুলো অনেক সময় সঠিক মাপে সিএনজি দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে মেশিন ব্যবহার করে যানবাহনে সিএনজি দেওয়া হয় তা ঠিক আছে কি না- বিএসটিআই তা পরীক্ষা করবে।
সিএনজি মিটারিং সিস্টেমে ত্রুটি পাওয়া গেলে আইন অনুযায়ী বিএসটিআই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যালোচনা সভায় সাভারে নির্মাণাধীন চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
“যেসব ট্যানারি মালিক এখনও বরাদ্দকৃত প্লটে নির্মাণকাজ শুরু করেননি তাদের প্লট বাতিলের বিষয়ে আলাদা একটি সভা অনুষ্ঠানেরও সিদ্ধান্ত হয়েছে।”
পর্যালোচনা সভায় বাজারে আয়োডিনবিহীন লবণ এবং ভিটামিন ‘এ’ ছাড়া ভোজ্য তেলের বিরুদ্ধে বিএসটিআই’র অভিযান জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ও করপোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
