২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে এপ্রিল থেকে ঢুকবে না কাঁচা চামড়া: শিল্পমন্ত্রী

আগামী এপ্রিল থেকে রাজধানীর হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে পারবে না বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 08:12 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

ট্যানারি না সরালে প্লটও যাবে: শিল্পমন্ত্রী
হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে সময় ‘৭২ ঘণ্টা’

সোমবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে তিনি বলেন, “ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের জন্য আমি যে আল্টিমেটাম দিয়েছি- সেই অনুযায়ী কাজ চলছে। মার্চ মাসের ভেতরে আমরা সাভারে বেশকিছু ট্যানারি চালু করতে সক্ষম হবো।

“এপ্রিল মাসের দিকে সেখানে পুরোদমে কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি; এপ্রিল মাস থেকে হাজারীবাগে যাতে কোনো কাঁচা চামড়া ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা হবে।”

গত ১০ জানুয়ারি ৭২ ঘণ্টার মধ্যে যেসব ট্যানারি হাজারীবাগ ছাড়বে না, সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এর দুই দিন পর ১৩ জানুয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমু বলেন, “তাদের নোটিস পাঠানো হবে। যেহেতু এটা আইনি প্রক্রিয়ার ব্যাপার, সেহেতু নোটিসের মাধ্যমেই তা করতে হবে। হুট করে করা যাবে না।”

Image
আমির হোসেন আমু (ফাইল ছবি)

আমির হোসেন আমু (ফাইল ছবি)

নির্দেশ অমান্যকারী ট্যানারি মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই ট্যানারিগুলোর কারণে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা…সমস্ত নদী শেষ হয়ে যাচ্ছে। বেশিরভাগ ট্যানারি মালিকের সাভারে প্লট আছে, নির্দেশ না মানলে তা বাতিল করা হবে। প্লট বরাদ্দ পাওয়ার জন্য বহু ব্যবসায়ী অপেক্ষা করছে, প্রয়োজনে তাদেরকে দিয়ে দেব।”

পরে অবশ্য ট্যানারি মালিকদের দাবির প্রেক্ষিতে কয়েক দফায় সময় বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

নির্ধারিত এই সময় শেষে হাজারীবাগে আর কাঁচা চামড়া ঢুকতে না দিতে এই কঠোর অবস্থানের কথা সংসদে বললেন শিল্পমন্ত্রী।