২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সোমবার ভারতীয় হাই কমিশনার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ের যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাতের সময় ভারতীয় হাই কমিশনার বলেন, “বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্ব ও জেন্ডার সমতাসহ বিভিন্ন সামাজিক নির্দেশকগুলোতে প্রভূত উন্নতি সাধন করেছে, যা বিশ্বব্যপী প্রশংসিত হয়েছে।”

বাংলাদেশের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে দক্ষিণ এশীয় দেশগুলোর একসঙ্গে কাজ করার ওপর ভারতীয় হাই কমিশনার গুরুত্বারোপ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রংপুর, দিনাজপুরে বিনিয়োগকারীরা বহুতল ভবন নির্মাণসহ অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। বর্তমানে ফুলবাড়ী বাংলাবান্ধা স্থলবন্দরে কর্মচাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে।”

বাংলাদেশ ও ভারতের ‌‘বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক’ মন্তব্য করে হাই কমিশনার বলেন, “দু’দেশের সংসদের মধ্যে নিয়মিত প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরো জোরদার হচ্ছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও উন্নত হবে।”

এসময় স্পিকার শিরীন শারমিনও বাংলাদেশ ও ভারতের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ককে যে কোনো সময়ের চেয়ে ‘অনেক গভীর ও বন্ধুত্বপূর্ণ’ বলে মত প্রকাশ করেন।

তিনি বলেন, ‍“বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতোমধ্যে যুগান্তকারী স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে। বর্তমানে তিস্তার পানি বণ্টনসহ বহু সংখ্যক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে।”

স্পিকার এসময় বাংলাদেশের রেল যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে ভারত বিশেষ সহায়তা দিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশে ভারতের এক বিলিয়ন ডলার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শিরীন শারমিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করছে। এতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।” 

হাইকমিশনার বাংলাদেশে অবস্থান ও দায়িত্ব পালনকালে স্পিকারের সহযোগিতা কামনা করেন। স্পিকার তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ধন্যবাদ জানান ।