সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা ৪ লাখের বেশি: আইনমন্ত্রী
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে চার লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার সংসদ সদস্য হাজেরা বেগমের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলার সংখ্যা মোট চার লাখ সাত হাজার ৫৮৬টি।
এর মধ্যে হাই কোর্ট বিভাগে তিন লাখ ৯৪ হাজার ২২৫টি মামলা এবং আপিল বিভাগে ১৩ হাজার ৩৬১টি মামলা বিচারাধীন বলে জানান মন্ত্রী।
হাই কোর্ট বিভাগের মামলার মধ্যে দুই লাখ ৩৭ হাজার ৯৬৪টি ফৌজদারি, ৮৭ হাজার ৩১০টি দেওয়ানি এবং রিট মামলা ৬২ হাজার ১৫৭টি এবং ছয় হাজার ৭৯৪টি আদি মামলা।
আর আপিল বিভাগে বিচারাধীন মামলার মধ্যে দেওয়ানি ১০ হাজার ৫৭০টি, ফৌজদারি দুই হাজার ৭২৪টি এবং অন্যান্য (কনটেম্পট পিটিশন) ৬৭টি।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে বিচারাধীন চোরাচালান মামলার সংখ্যা ৩০ হাজার ৭৮৭টি। এসব মামলার মূল্যমান ৮৪৮ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৭৭০ টাকা।
প্রশাসনে শূন্য পদ তিন লাখ
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ডিসেম্বর ২০১৪ পর্যন্ত প্রশাসনের তিন লাখ ২ হাজার ৯০৪টি শূন্য পদ ছিল। ২০১৫ সালের তথ্য হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রীর তথ্য অনুযায়ী শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণি ৩৯ হাজার ৫৬৪টি, দ্বিতীয় শ্রেণি ৩০ হাজার ৪২২টি, তৃতীয় শ্রেণি এক লাখ ৬৩ হাজার ৪১৭টি এবং চতুর্থ শ্রেণির ৬৯ হাজার ৫০১টি পদ রয়েছে।
ওএসডি কর্মকর্তা
বর্তমানে প্রশাসনে ওএসডি কর্মকর্তা ১৮৭ জন বলে সেলিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী আশরাফুল ইসলাম জানিয়েছেন।
মন্ত্রীর তথ্য অনুযায়ী ওএসডি কর্মকর্তার মধ্যে দুই জন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, ৭২ জন যুগ্ম সচিব, ৪৫ জন উপ সচিব, সিনিয়র সহকারী সচিব ৩৫ জন এবং সহকারী সচিব ১৬ জন।
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে একই প্রশ্নের জবাবে জানান জনপ্রশাসন মন্ত্রী।
