২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রতিনিধি-প্রশাসনের সমন্বয় প্রয়োজন: মেয়র আনিসুল

সিটি করপোরেশনের কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 01:23 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

ঢাকার যানজট, রাস্তা দখল, মাদকসহ অন্যান্য সমস্যা সমাধানে পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাও চেয়েছেন তিনি।

নাগরিক সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে রোববার পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র আনিসুল।

গুলশান ক্লাবে আয়োজিত ওই বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ২৫টি থানার ওসি ও সংশ্লিষ্ট অঞ্চলের উপকমিশনার, ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অংশ নেন।

অনুষ্ঠানে ফুটপাত দখলমুক্ত করা ও মাদক লেনদেনের ক্ষেত্রে অপরাধীদের সহযোগিতার অভিযোগ ওঠে। অভিযোগ নাকচ করে এনিয়ে ক্ষোভও প্রকাশ করেন পুলিশ কর্মকর্তারা।

Image
মেয়র আনিসুল হক (ফাইল ছবি)

মেয়র আনিসুল হক (ফাইল ছবি)

জবাবে মেয়র বলেন, “যত ক্ষোভ থাকুক একজনকে ছাড়া অন্যজন চলতে পারব না। নগরীর উন্নয়নে ও সমস্যাগুলো সমাধানে জনপ্রতিনিধি, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।”

ওমর ফারুক নামের একজন কাউন্সিলর বলেন, ফুটপাত দখলকারী হকারদের উঠিয়ে দিলে কয়েকদিন পর তারা আবার বসে পড়ে। পুলিশই তাদেরকে বসতে সহযোগিতা করে বলে অভিযোগ পাওয়া যায়।

ফুটপাতের ভাসমান দোকানদারদের বার বার তুলে না দিয়ে তাদের পুনর্বাসনের উপায় খুঁজে বের করার পরামর্শ দেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি।

পুলিশ, সিটি করপোরেশন ও নিজের যৌথ প্রচেষ্টায় তেজগাঁও এলাকায় মাদকের লেনদেন অনেকটাই কমে গেছে বলে দাবি করেন সেখানকার কাউন্সিল মো. শফিউল্লা।

তবে এর উল্টো তথ্য দেন একই এলাকার সংরক্ষিত নারী কাউন্সিলর শামীমা রহমান। তিনি বলেন, “তেজগাঁও, রেল লাইন এলাকাসহ এসব অঞ্চলে মাদকের সয়লাব। সেখানে পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় মাদক লেনদেন চলছে।”

মদাকদ্রব্যের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হয়রানি ও মারধরের শিকার হওয়ার অভিযোগ করেন ২০ নম্বর ওয়ার্ডের (মহাখালী) কাউন্সিলর মো. নাছির।

র‌্যাবের হাতে নিজের বন্ধুর মারধরের শিকার হওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, “কিছুদিন আগে এক মাদক বিক্রেতাকে শাসনের পর আমার এক বন্ধুকে র‌্যাব ধরে নিয়ে নির্যাতন করে। তাকে হেব্বি পিটাইছে। শার্ট-প্যান্ট ছিড়ে ফেলেছে। এমন অভিজ্ঞতাও আমাদের আছে। সমাধানের উপায় কী?”

১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিন্নাত আলী বলেন, সমন্বয়ের কথা বার বার বলা হলেও বাস্তবে এর প্রতিফলন দেখা যায় না। এক ওয়ার্ডে ফুটপাত দখলমুক্ত করলেও পাশর ওয়ার্ডে নির্বিঘ্নে চলে দখল। এটা তো সমাধান নয়।

যত্রতত্র বাস দাঁড়ানোর কারণে যানজট হয় উল্লেখ করে সমস্যা দূর করতে সুনির্দিষ্ট স্থানে বাস থামার ব্যবস্থা করতে মেয়রকে পরামর্শ দেন কাউন্সিলর জিন্নাত।

পুলিশ ‘প্রস্তুত’

জনপ্রতিনিধিদের সমালোচনা নিয়ে ‘ক্ষোভ’ থাকলেও সিটি করপোরেশনের কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা। নগরীর নানা সমস্যার সমাধানে বিভিন্ন পরামর্শও আসে পুলিশের পক্ষ থেকে।

তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার, গুলশান জোনের  ডিসি মোস্তাক আহমেদ, উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা, ট্রাফিক উত্তরের ডিসি প্রবীর কুমার রায়সহ কয়েকটি থানার ওসি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মোস্তাক বলেন, সিটি করপোরেশনের কাজে পুলিশ সব সময় সহযোগিতা দিয়েছে, দিচ্ছে ভবিষ্যতেও দেবে।  ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে পয়সা খাওয়ার মতো অবস্থানে পুলিশ নেই।

“ফুটপাতের উচ্ছিষ্ট পুলিশ খাবে না। আমাদের প্রেস্টিজ আছে, সম্মান আছে।”

মাদক নিয়ন্ত্রণে সমস্যার গোড়ায় হাত দেওয়ার আহ্বান জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, দেশে মাদকের উৎপাদন তেমন নেই। এগুলো আসে সীমান্ত হয়ে। সেখানে থামিয়ে দেওয়া না গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কাঠিন হবে।

বিপ্লব বলেন, “অনেক ঝুঁকি নিয়ে কাজ করার পরেও পুলিশ সব মহলের সমালোচনার মূল টার্গেটে থাকে। তবে পুলিশ যদি বলতে শুরু করে অনেকের অনেক কিছু প্রকাশ হয়ে যাবে।”

বিধান ত্রিপুরা বলেন, শহরের রাস্তাঘাট নির্মাণ ও বাস টার্মিনাল নির্মাণের আগে নীতি নির্ধারকরা ট্রফিকের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন না। ফলে বাস টার্মিনালগুলো যানজট নিরসণে তেমন ভূমিকা রাখছে না।

উদাহরণ হিসাবে সায়েদাবাদ বাস টার্মিনালের কয়েকটি ত্রুটি তুলে ধরেন এই পুলিশ কর্মকর্তা।

রাস্তাঘাটের ট্রাফিক পরিস্থিতি উন্নয়নে ট্রাফিক আইনকে আরও যুগোপযোগী করার পরামর্শ দেন ট্রাফিক উত্তরের উপ কমিশনার প্রবীর কুমার রায়।