প্রধানমন্ত্রীর সঙ্গে আইএফআরসি মহাসচিবের সাক্ষাৎ
দেশের রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের ‘প্রাণবন্ত ও কার্যকর’ অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আরও ভালভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার তাদের প্রশিক্ষণ দিচ্ছে।
রোববার সন্ধ্যায় গণভবনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) এলহাডজ অ্যাচ সাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেখা করতে এলে একথা বলেন শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “১৯৯৮ সালে দেশের সবচেয়ে বড় বন্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিল, ওই বন্যায় দুই কোটি মানুষ মারা যাবে। কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছিল। সরকার খুবই দক্ষতা ও সফলতার সঙ্গে ওই পরিস্থিতি মোকাবেলা করেছিল।”
স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশে দুর্যোগের সময় রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের মানবিক সহায়তার কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাজে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।
মানবতা ও দুর্গত মানুষদের জন্য কাজ করার কথা উল্লেখ করে আইএফআরসির মহাসচিব বলেন, সহযোগিতার কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম আরও শক্ত করা হবে।
মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমেরও প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এসময় উপস্থিত ছিলেন।
