শিক্ষার্থীদের শাস্তি নয়- পরিপত্র ঝুলবে প্রধান শিক্ষকের কক্ষে
শিক্ষার্থীদের শাস্তি নিষিদ্ধের সরকারি নির্দেশনা সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে টাঙানোর নির্দেশ দিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, “হাই কোর্টের নির্দেশনা শতভাগ বাস্তবায়নে স্কুলগুলোকে অনুশাসনের আওতায় আনার চেষ্টা করছি। স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে শাস্তি নিষিদ্ধের পরিপত্রটি টাঙানো থাকবে, যেন সবাই প্রতিদিন দেখতে পান।”
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করে ২০১০ সালের ২২ সেপ্টেম্বর পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন না করতে হাই কোর্টেরও নির্দেশনা রয়েছে।
শিশুদের উপর শারীরিক ও মানসিক শাস্তির বিষয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), গণসাক্ষরতা অভিযান এবং সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তরা কয়েকটি সুপারিশ গণশিক্ষা মন্ত্রীর কাছে তুলে ধরেন।
পরে ফিজার সাংবাদিকদের বলেন, শিশু শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন বন্ধ হয়েছে কি না- সে বিষয়ে তারা কথা বলেছেন।
শারীরিক শাস্তি নিষিদ্ধের পরিপত্রের বিষয়ে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের অবগত করা ছাড়াও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সভায় এ সম্পর্কিত অগ্রগতি তদারকি করা হবে বলেও জানান গণশিক্ষা মন্ত্রী।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য শিশু যেন আনন্দে বেড়ে ওঠে। শিশু নির্যাতনবিরোধী প্রচলিত আইনের প্রয়োগ ঠিকভাবে হচ্ছে কি না- তা দেখা হবে।
“কোয়ালিটি এডুকেশনের সঙ্গে শিশুদের সঠিক বিকাশে জোর দেওয়া হবে।”
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন এবং সেভ দ্য চিলড্রেন’র চাইল্ড প্রটেকশন বিভাগের পরিচালক লায়লা খন্দকার প্রমুখ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
