২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি জোট: বাংলাদেশের সিদ্ধান্তে ‘অবাক’ হয়েছিল রাশিয়া

সৌদি আরব নেতৃত্বাধীন ইসলামিক দেশগুলোর সামরিক জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সিদ্ধান্ত রাশিয়াকে শুরুতে ‘অবাক’ করেছিল বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 06:50 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

অবশ্য ওই জোটের সাম্প্রতিক কার্যক্রমে রাশিয়া এখন আর উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন তিনি।

নিকোলায়েভ বলেন, সৌদি জোটের অধীনে কোথাও বাংলাদেশি সৈন্য মোতায়েন করা হলে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীতিমালা মেনেই করা হবে বলে ঢাকা একাধিকবার মস্কোকে আশ্বস্ত করেছে। 

তাছাড়া সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও  রাশিয়ার সাম্প্রতিক যৌথ বিবৃতির পর সৌদি আরব নেতৃত্বাধীন ওই জোট গুরুত্ব হারিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। 

“যদিও বাংলাদেশের ওই জোটে যোগ দেওয়ার ঘোষণায় শুরুতে আমরা বিস্মিত হয়েছিলাম, আপাতত জোটের কর্মকাণ্ড আমরা খুব একটা খেয়াল করছি না।”

বাংলাদেশে চার বছর দায়িত্ব পালন শেষে ১০ মার্চ ঢাকা ত্যাগ করবেন আলেকজান্ডার নিকোলায়েভ। রোববার বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাবের সঙ্গে মত বিনিময়ে যোগ দেন তিনি।

ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক পান্থ রহমানের সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবে এই মত বিনিময় অনুষ্ঠান হয়। 

গত ডিসেম্বরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল বিন আহমেদ আল-জুবাইরের আমন্ত্রণে ‘ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেরোরিজম’ নামের এই নতুন জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।  

তবে ওই জোটের অধীনে সামরিক অভিযানে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি না- সে বিষয়ে সরকারের তরফ থেকে কখনোই কিছু বলা হয়নি।   

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, সৌদি নেতৃত্বাধীন এই জোটসহ মোট তিনটি জোট বর্তমানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে রয়েছে।

আর জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামগুলোতে রাশিয়া যে সবসময়ই বাংলাদেশের সমর্থন পেয়ে আসছে, সে কথাও স্মরণ করেন নিকোলায়েভ।    

“বিশ্ব রাজনীতির বহুমেরু কাঠামো এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার ন্যায্যতার পক্ষে সবসময়ই বাংলাদেশ রাশিয়ার আস্থাভাজন ও পরীক্ষিত অংশীদার।”

সিরিয়া সঙ্কটের প্রসঙ্গ টেনে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ২০১৫ সাল পুরো বিশ্বেই কূটনীতির জন্য একটি কঠিন বছর ছিল।

বিদেশি হত্যার পর পশ্চিমা দেশগুলোর জারি করা ভ্রমণ সতর্কতার সূত্র ধরে তিনি বলেন, বছরের শেষ দিকে এসে বাংলাদেশও নিজেদের ‘কূটিল এক রাজনৈতিক পরিস্থিতির’ মধ্যে আবিষ্কার করেছে।

নিকোলায়েভ বলেন, “বাংলাদেশকে এমন আন্তর্জাতিক চাপ সামাল দিতে হয়েছে, যা উন্নয়নের চেষ্টাকে ব্যাহত করে।

“আমরা বাংলাদেশকে খুবই সম্ভাবনাময় একটি রাষ্ট্র মনে করি। আমাদের বিশ্বাস, ২০২১ ও ২০৩০ সালের মধ্যে উন্নয়নের যে লক্ষ্য বাংলাদেশ ঠিক করেছে তা পূরণ করতে পারবে। আর এই উদ্যোগে বাংলাদেশ রাশিয়াকে বন্ধু ও অংশীদার হিসেবেই পাবে।”     

রুশ রাষ্ট্রদূত বলেন, যে দায়িত্ব নিয়ে তিনি ঢাকা এসেছিলেন, তা পালন শেষে ‘সন্তুষ্টি নিয়ে’ তিনি ফিরে যাচ্ছেন।  

তিনি জানান, তার সময়কালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাশিয়া এই সময়ে বাংলাদেশের জ্বালানি খাতের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী’ হয়ে উঠেছে।

“সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুই দেশই এক মত প্রকাশ করে আসছে।

“আমার পরে যিনি আসছেন, তাকে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে। আমি নিশ্চিত, দুই দেশের স্বার্থে তিনি তাতে সফল হবেন।”

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিল, নানাভাবে সমর্থন যুগিয়েছিল। চার দশকের মধ্যে প্রথম বাংলাদেশি নেতা হিসেবে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মস্কো সফরে গেলে সেই সম্পর্ক নতুন মাত্রা পায়।

ওই সফরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি অস্ত্র কেনার বিষয়েও রাশিয়ার সঙ্গে চুক্তি হয়।  

নিকোলায়েভ বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ওই চুক্তি দুই দেশের সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছানোর স্মারক হয়ে থাকবে। 

আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও বিকশিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।