২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গির তথ্যে দক্ষিণখানে মিলল বোমার সরঞ্জাম

সপ্তাহ দেড়েক আগে গ্রেপ্তার হওয়া দুই জঙ্গির তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের পর এবার রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হল বোমা তৈরির সরঞ্জাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 05:43 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

তবে যাদের উদ্দেশ্যে এই অভিযান তাদের কাউকেই পায়নি পুলিশ। 

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণখানের এক বাসায় আনসারউল্লাহ বাংলাটিমের সদস্যরা বাসা ভাড়া নিয়ে তাদের জঙ্গি তৎপরতা পরিচালনা করছে জানতে পেরে শনিবার রাতে গোয়েন্দারা অভিযান চালায়।”

গত ১৯ ফেব্রুয়ারি উত্তর বাড্ডা থেকে আনসারউল্লাহ বাংলাটিমের দুই সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের এক বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে।

রিমান্ডে দেওয়া ওই দুই জনের তথ্যের ভিত্তিতে দক্ষিণখানে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান মাশরুকুর রহমান।

তিনি বলেন, “দক্ষিণখানের সরদার পাড়া এলাকার আইডিয়াল স্কুল সংলগ্ন ২৪২ নম্বর বাড়ির চতুর্থ তলার বাম পাশে একটি দুই রুমের বাসা ভাড়া নিয়েছিল আনসারউল্লাহ বাংলাটিমের দুই সদস্য। গোয়েন্দারা অভিযানে গেলে বাসাটি তালাবদ্ধ পেয়ে তালা ভেঙে ওই বাসায় প্রবেশ করে।”

গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই বাসাটির একটি রুমে দুই থাকত বলে তথ্য ছিল বলেও জানান মাশরুকুর।

“অন্যরুমে পাওয়া গেছে বিভিন্ন ধরনের বোমা তৈরির তরল রাসায়নিক, ইলেকট্রিক কেবল ও ইলেকট্রনিক সমগ্রীসহ বিভিন্ন ধরনের বোমা তৈরির উপকরণ।”

ওই অভিযান গোয়েন্দা পুলিশের সঙ্গে থাকা দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোমা তৈরির অন্যান্য উপকরণের সঙ্গে সেখান থেকে প্রায় ৬/৭কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বাড়ির দারোয়ান শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুরনো খবর:

‘জঙ্গিদের’ তথ্যে মোহাম্মদপুরে মিলল বিস্ফোরক