২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু জিহাদ : ক্ষতিপূরণের রায় স্থগিতে আবেদন রাষ্ট্রপক্ষের

ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দিতে যে রায় হাই কোর্ট দিয়েছে, তা স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

রোববার চেম্বার বিচারপতি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনে মঙ্গলবার শুনানির জন্য রেখেছেন।

এক রিট আবেদনের ওপর জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ গত ১৮ ফেব্রুয়ারি রায়ে জানায়, শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবার ক্ষতিপূরণ পাবে।

তবে ক্ষতিপূরণের অংক কত হবে এবং কারা ওই অর্থ দেবে তা জানতে পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হবে বলে সেদিন জানিয়েছিলেন রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মো. আবদুল হালিম।

ওই রায় স্থগিত চেয়ে ২৫ ফেব্রুয়ারি আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে ওঠে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় স্থগিত চেয়ে আমাদের আবেদনটি করা হয়েছে। অপরপক্ষ দুইদিন সময় চাওয়ায় চেম্বার বিচারপতির আদালতে মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হবে।”

রায় পেলে আপিলের আবেদন করবেন জানিয়ে রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, “এজন্য সে সময় পর্যন্ত রায়ে স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করেছি। ক্ষতিপূরণ আদেশ হয়েছে, তবে তা পূর্ণাঙ্গ রায় পেলে জানা যাবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

“লিভ টু আপিলে পুরো রায়ই চ্যালেঞ্জ করা হবে। লিভ টু আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে ক্ষতিপূরণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।”

২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েকশ’ ফুট গভীর একটি নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের জিহাদ।

প্রায় ২৩ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানে অনেক নিচে ক্যামেরা নামিয়েও ফায়ার সার্ভিস কোনো মানুষের ছবি না পাওয়ায় পাইপে জিহাদের অস্তিত্ব থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়। ওই সন্দেহ রেখেই উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

Image
বের করে আনা হচ্ছে জিহাদকে (ফাইল ছবি)

বের করে আনা হচ্ছে জিহাদকে (ফাইল ছবি)

এর কয়েক মিনিটের মধ্যে কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে উঠে আসে অচেতন জিহাদ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, শিশুটি বেঁচে নেই। ওই ঘটনার পর ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।

ওই ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করলে দুই দিন পর চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন হাই কোর্টে এই রিট আবেদন করে, যাতে জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

জিহাদকে উদ্ধারে বিবাদীদের ব্যর্থতা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুল হালিম রিট আবেদনটি করেন।

ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতবছর ১৫ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল জারি করে। জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

এছাড়া শিশুটির মৃত্যুতে ফায়ার সার্ভিস, ওয়াসা, রেলওয়ে ও সিটি করপোরেশনের অবহেলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয় রুলে।

সারা দেশে অরক্ষিত ও উন্মুক্ত পাইপ, কূপ, টিউবওয়েল, স্যুয়ারেজ পাইপ, গর্ত এবং পানির ট্যাংকের তালিকা তৈরি করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, সে বিষয়েও জানতে চাওয়া হয় রুলে।

স্বরাষ্ট্র ও রেলওয়ে সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, রেলওয়ের মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স), ওয়াসা চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার ও শাজাহানপুর থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়।

ওই রুলের ওপর শুনানি শেষে একবছর পর ১৮ ফেব্রুয়ারি ক্ষতিপূরণের পক্ষে রায় দেয় আদালত।