২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘ভবন থেকে পড়ে’ দুই নারীর মৃত্যু

রাজধানীর রামপুরায় দুবাই প্রবাসী এক গৃহবধূ এবং ভাটারার বসুন্ধরা এলাকায় এক গৃহকর্মী ‘ভবনের ছাদ থেকে পড়ে’ মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 03:28 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

এরা হলেন- দুবাই প্রবাসী হেনা আক্তার দোলন (২৯) ও ভাটারার গৃহপরিচারিকা স্বপ্না বেগম (১৮)।

এদের মধ্যে দোলনকে রামপুরায় তার বোনের বাসার নিচে থেকে সকাল সোয়া ৬টার দিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানান।

দোলনের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির নিশ্চিন্তপুরে। তার স্বামী জাহিদ হোসেনের সঙ্গে তিনি দুবাই থাকতেন। সেখানে তাদের একটি পার্লার রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি দোলন একাই ঢাকায় এসে রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকায় তার বোন লাকী বেগমের বাসায় ওঠেন। লাকীর বাসাটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায়।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোলন ভোরের দিকে তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলেন। এর কিছু সময় পর তাকে ওই ভবনের নিচে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

“ওই তরুণী নিচে পড়ে গিয়েছেন, না আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।”

এদিকে সকালের দিকে ঢাকার ‘অ্যাপোলো হাসপাতাল’ থেকে স্বপ্না বেগমের লাশ উদ্ধার করা হয় বলে ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকিন জানান।

স্বপ্না বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের দুই নম্বর রোডের একটি সাততলা বাড়ির ছয়তলার ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন।

ওই গৃহকর্তা নামা জানা যায়নি। তবে তিনি বাংলাদেশ বিমানের একজন পাইলট বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওসি নুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বাসার অন্য এক গৃহকর্মী আমাদের জানিয়েছেন, ছাদ থেকে পড়ে ‍গিয়ে গুরুতর আহত হন স্বপ্না। পরে তাকে অ্যাপোলোতে নেওয়া হয়।”

লাশগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। দুই ঘটনারই তদন্ত চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।