উত্তরায় রান্নাঘরে অগ্নিদগ্ধ দম্পতি এখনও সঙ্কটাপন্ন
রাজধানীর উত্তরায় ঘরে রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ দম্পতির জীবন সংশয় এখনও কাটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আগুনে মো. শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ এবং তার স্ত্রী সুমাইয়ার আক্তারের শরীরের ৯০ শতাংশ পুড়েছে।
দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহনেওয়াজ ও সুমাইয়ার অবস্থা বেশ ক্রিটিকাল।”
এই দম্পতির অগ্নিদগ্ধ দুই সন্তান দেড় বছরের জায়ান বিন শাহনেওয়াজ এবং ১৫ বছরের শাহালিন বিন শাহনেওয়াজ শুক্রবারই মারা যায়।
সেদিন সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে রান্নাঘরের আগুনে পরিবারটির পাঁচজন দগ্ধ হন।
এই দম্পতির মেজ ছেলে জারিফ (১১) কে প্রথমদিনই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে পার্থ শঙ্কর পাল জানান।
আহত জারিফ
জারিফকে দুই ভাইয়ের মৃত্যু এবং মা-বাবার খবর জানানো হয়নি বলে তার চাচা কামরুল হাসান জানিয়েছেন।
তিনি হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে বারবার বলছে, বাবার কাছে যাব, মায়ের কাছে যাব।”
শাহওনেওয়াজের ভাগ্নে (ফুফাত বোনের ছেলে) সাকিব বলেন, “মামা (শাহনেওয়াজ) বুঝতে পেরেছেন, তার ছেলেরা মারা গেছেন।”
শাহনেওয়াজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রকৌশল বিভাগে মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন তিনি।
গত ২০ ফেব্রুয়ারি উত্তরার ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে উঠেছিলেন শাহনেওয়াজ।
ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ওই বাসার গ্যাসের চুলা বা লাইনে সমস্যা ছিল। এর ফলে গ্যাস বের হয়ে রান্নাঘর থেকে পুরো ফ্ল্যাটে ছড়িয়ে যায় এবং সকালে চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে।
এই চুলা থেকেই ধরেছিল আগুন
শাহনেওয়াজের ছোট ভাই কামরুল হাসান হাসপাতালে সাংবাদিকদের বলেন, চুলার গ্যাসের লাইন লিক থাকায় এই অগ্নিকাণ্ড ঘটেছে।
বাড়িওয়ালাসহ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “ভাই আগে সুস্থ হোক, পরে সংবাদ সম্মেলন করে সব কথা জানাব।”
কামরুল শুক্রবার রাতে থানায় অভিযোগ করলে পুলিশ একটি অপমৃত্যু মামলা নেয় বলে জানান উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুলার গ্যাসের লাইন লিক করে সারা বাড়িতে তা ছড়িয়ে পড়েছিল। কারণ বাড়ির দরজা-জানালা ছিল বন্ধ।
সকালে সুমাইয়া নাস্তা তৈরি করতে গিয়ে চুলায় আগুন দিতে গেলেই বিস্ফোরণ ঘটেছিল। বিকট বিস্ফোরণে বাড়ির দরজাও ভেঙে পড়ে।
নগরবাসীর প্রতি এই পুলিশ কর্মকর্তার পরামর্শ, “নতুন বাসায় উঠার সময় ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের লাইন পরীক্ষা করে দেখে নিন। বাড়ির মালিকরা যেন তাদের বাড়িতে প্রয়োজনীয় হাসপাতালের নাম ও ঠিকানা লিখে রাখে।”
