২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিন আগে ফ্ল্যাটে উঠেই ‘পাওয়া যাচ্ছিল গ্যাসের গন্ধ’

ঢাকার উত্তরার যে বাসায় গ্যাসের চুলার আগুনে পুড়ে পরিবারের সবাই দগ্ধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে, সেখানে এক সপ্তাহ আগেই উঠেছিল যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মী মো. শাহনেওয়াজের পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 09:25 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

উত্তরায় দগ্ধ পরিবারের দুই ভাই বাঁচল না

উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের সাত তলা ওই ভবনটি নতুন। সপ্তম তলার একটি ফ্ল্যাটে এই পরিবার উঠলেও এখনও সব ফ্ল্যাটে বাসিন্দা আসেনি।

ভাড়াটিয়া হিসেবে ওই বাসায় উঠেই শাহনেওয়াজের পরিবারের সদস্যরা গ্যাস নিঃসরণের বিষয়টি বুঝতে পেরে বাড়িওয়ালাকে অভিযোগ করেছিলেন বলে জানান তার বোন আরমিন নিশাত।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, “ভাই গ্যাস বেরোনোর কথা বাড়িওয়ালাকে জানালেও তিনি গুরুত্ব দেননি।”

এদিন সকালেই ওই ফ্ল্যাটের রান্না ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৪০) এবং তাদের তিন ছেলে- শাহালিন (১৫), জারিফ (১১) ও জারান (দেড় বছর) মারাত্মক দগ্ধ হন।

সবাইকে ঢাকা মেডিকেলে আনার পর বিকালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শাহালিন এবং তার এক ঘণ্টার মাথায় জারানের মৃত্যু হয়। শাহালিন উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

দগ্ধ জারিফ পড়ে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণিতে।

তাদের বাবা-মার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। শাহনেওয়াজের শরীরের ৯৫ ভাগ এবং সুমাইয়ার দেহের ৯০ শতাংশ পুড়ে গেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ পরিবার নিয়ে গত ২০ ফেব্রুয়ারি নতুন ওই ভবনে উঠেছিলেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

আরমিন নিশাত বলেন, “সকালে দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ভাই ও ভাবি বলেছেন, নতুন বাসায় উঠেই তারা গ্যাসের গন্ধ পেয়েছিলেন। বিষয়টি বাড়িওয়ালা মির্জা দেলোয়ার হোসেনকে জানালে তিনি গুরুত্ব দেননি।”

ভাই-ভাবীকে উদ্ধৃত করে ঘটনার বিবরণে তিনি বলেন, “সকালে চুলাটা জ্বালাতে গেলেই বিকট শব্দে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে।”

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাস নিঃসরণের ঘটনাটি দগ্ধদের স্বজনরা এখনও পুলিশকে জানায়নি। তারা অভিযোগ করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সাত তলা ওই ভবনের মালিক দুজন। তবে যে অংশে বিস্ফোরণ ঘটেছে তার মালিক মির্জা দেলোয়ার হোসেন উত্তরা ১১ নম্বর সেক্টরে আরেকটি বাসায় থাকেন বলে ওসি জানিয়েছেন।

তিনি বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা চুলাটা চালু অবস্থায় পেয়েছেন। তাদের ধারণা হয়তো চুলাটা চালু থাকার কারণে এমনটি হয়েছে, অথবা লাইনের কোথাও ছিদ্র ছিল।”