২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট পর্য‌বেক্ষক নিবন্ধনের মেয়াদ ১ বছর বেড়েছে

শতাধিক পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের মেয়াদ এক বছর বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 11:40 AM

Updated : 20 Aug 2022, 11:58 AM

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আবেদন না চেয়ে জাতীয় ও স্থানীয় নিবন্ধিত সংস্থাগুলোর মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, সর্বশেষ নিবন্ধিত সংস্থাগুলোর ‘৫ বছর মেয়াদকাল’ সম্প্রতি শেষ হয়েছে।

“ইউপি ভোট শুরু হচ্ছে। কয়েকটি সংস্থা পর্যবেক্ষক নিয়োগের তালিকাও জমা দিয়েছে। তাদের সুবিধা বিবেচনা করেই সব নিবন্ধিত সংস্থার মেয়াদ একবছর বাড়ানো হয়েছে”, বলেন এ কর্মকর্তা।

ইউপি ভোট পর্যবেক্ষণ করতে এরই মধ্যে জানিপপ, আইন সহায়তা কেন্দ্র-আসক, খান ফাউন্ডেশন, ব্রতী, সোসাইটি ফর রুরাল বেসিক নিড- শ্রাবণ, পলিসি রিসার্স স্টাডিজ ফাউন্ডেশন (পিআরএসকে), বাকেরগঞ্জ ফোরাম, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদসহ বেশ কয়েকটি সংস্থা আবেদন করেছে।

নির্বাচন পর্যবেক্ষণে তারা ৫ হাজারের বেশি লোকবল নিয়োগের পরিকল্পনার কথাও ইসির জনসংযোগ শাখাকে জানিয়েছে।

“স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা অপেক্ষাকৃত কম থাকে। সর্বশেষ পৌর ভোটে ২৯টি সংস্থার প্রায় ৪ হাজার পর্যবেক্ষক ছিল। কোনো বিদেশি পর্যবেক্ষক ছিল না,” বলেন ইসির জনসংযোগ পরিচালক।   

তিনি জানান, নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চালু হয়। ২০০৮ সালে ১৩৮টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। তখন নিবন্ধনের মেয়াদ ছিল একবছর।

পরে এ মেয়াদ ৫ বছর করে নীতিমালা প্রণয়ন করা হয়। সে অনুযায়ী ২০১০ সালে শতাধিক সংস্থার নিবন্ধন দেওয়া হয়।

এদের মধ্যে মাত্র ২৫-৩০টি সংস্থা নিয়মিত পর্যবেক্ষণ করে আসছে জানিয়ে আসাদুজ্জামান বলেন, সংস্থাগুলোর অধিকাংশই ‘নামসর্বস্ব’ প্রতিবেদন জমা দেয়।

এবার ছয় ধাপে ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ৭৩৮টি ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

এদিকে ২০টি পর্যবেক্ষক সংস্থা নিয়ে আপত্তি উঠলেও তদন্তে তার প্রমাণ মেলেনি বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপি নিবন্ধিত এই সংস্থাগুলোর বিরুদ্ধে ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা’র অভিযোগ এনেছিল। 

পুরনো খবর:

প্রাথমিকভাবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বাছাই করেছে ইসি
নির্বাচন পর্যবেক্ষণে কড়াকড়ি