২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একমাসেও খোঁজ মেলেনি রামপুরার ছাত্রলীগ নেতা তপুর

‘আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে’ তুলে নেওয়ার এক মাস পরও রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মোয়াজ্জেম হোসেন তপুর কোনো খোঁজ না পাওয়ায় তাকে উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 04:14 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

ডিবি পরিচয়ে তুলে নেওয়া ছাত্রলীগ নেতার সন্ধান দাবি পরিবারের

শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তার মা সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মা বলে কে ডাকবে আমাকে, সাংবাদিক ভাই-বোনরা একটু লিখলে ছেলেকে বুকে পেতে পারি। তাই অনেক অুনরোধ করছি- একটু লেখেন।”

নিখোঁজ তপুর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে দ্বিতীয়বারের মতো এই সংবাদ সম্মেলন হয়।

এর আগে গত ২৬ জানুয়ারি রাত থেকে ক্ষমতাসীন দলের এই ছাত্রনেতা নিখোঁজ হলে তার সন্ধানে মামলা ও বিভিন্ন স্থানে ছোটাছুটির পর ৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেছিল তার পরিবার।

পরিবারের অভিযোগ, ওইদিন রাত ১১টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতাল সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তিন ব্যক্তি তপুকে ধরে নিয়ে যায়।

এ ঘটনায় ছেলেকে অপহরণের অভিযোগ এনে সালেহা গত ১ ফেব্রুয়ারি ভাটারা থানায় একটি মামলা করেন। এতে আসামি করা হয় ইমন, তাজুল, শিবলু, তানিম, রইস উদ্দিন রইস, অর্নব, জুয়েল ও নিশি নামে আটজনকে।

বন্ধু তাজুলের পরিচিত অর্ণবের বাড়ি থেকেই তপুকে তুলে নেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি। অর্ণব গুলশান থানা ছাত্রলীগের সহ সভাপতি।

এজাহারে বলা হয়, গত ২৬ জানুয়ারি তপু চাঁদপুর থেকে ফিরে তাজুলের সঙ্গে অর্ণবের বাসায় যান। রাত ১০টার দিকে তাজুল বেরিয়ে আসার পর তিনজন লোক ডিবি পরিচয়ে ওই বাসা থেকে তপুকে তুলে নেয়।

ইমন ওই খবর তপুর ভাই মইনুলকে জানিয়েছিলেন বলে এজাহারে লেখা হয়েছে।

অবশ্য অর্ণব দাবি করেছেন, ওই রাতে তিনি বাসাতেই ছিলেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি চাঁদপুরের হাজীগঞ্জে ছিলাম। তপুর সঙ্গে সরাসরি কোনো যোগাযোগও আমার ছিল না।”

রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি তপুর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে এর আগেও একাধিকবার ‘ষড়যন্ত্র’ হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার মা সালেহা বেগম।

তিনি বলেন, “ভাটারা থানায় মামলার পরও গত এক মাসে আমরা পুলিশ, ডিবি, র‌্যাবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট থানায় বহুবার খোঁজ নিয়েছি। তারা কেউ তপুর সন্ধান দিতে পারছে না।… ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রশাসনকে ম্যানেজ করে এ ঘটনা ঘটানো হয়েছে।”

ছেলের সন্ধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে কান্নাজড়িত কণ্ঠে সালেহা বেগম বলেন, “বেশ কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, কিন্তু পাচ্ছি না আমার ছেলেকে।”

তদন্তের অগ্রগতি জানতে চাইলে ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তপুর খোঁজে পুলিশ বিভিন্নস্থানে তল্লাশি করছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

তপুর বড় ভাই এসএম মাইনুল হোসেন, বড় বোন রওশন আরা, শামীমা আক্তার, সুরাইয়া আক্তারসহ মামা ও ভাবী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।