২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসিকিউটর মোহাম্মদ আলী সংক্রান্ত নথিপত্র চেয়েছে মন্ত্রণালয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাময়িক বরখাস্ত প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিষয়ে ব্যবস্থা নিতে  তার বিরুদ্ধে অভিযোগের সমর্থনে নথিপত্র চেয়ে প্রধান প্রসিকিউটরকে চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 08:42 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের সহকারী সচিব মো. আব্দুছ ছালাম মণ্ডলের স্বাক্ষরে বুধবার এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগের সমর্থনে যাবতীয় কাগজপত্র পাঠাতে প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে অনুরোধ করা হয়।

একইসঙ্গে ‘শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ এবং পেশাগত অসদাচরণের গুরুতর অপরাধের কারণে’ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব কাজ বিরত রাখার অনুরোধ করা হয়।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ইতোমধ্যেই তাকে সব মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রধান প্রসিকিউটরের পক্ষ থেকে দেওয়া চিঠি ১৫ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ে পৌঁছার তিন দিন পর মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

চিঠিতে ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলায় এক আসামির জামিনের জন্য প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা এই আইনজীবীর বিরুদ্ধে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এক নোটিসে জানানো হয়, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না বলেও তাতে জানানো হয়েছিল। তবে কোনো কারণ ব্যাখ্যা না করে প্রধান প্রসিকিউটর লিখেছিলেন, ‘জনস্বার্থে’ এই পদক্ষেপ।

২০১৪ সালে ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর তুরিন আফরোজ নিজের কম্পিউটার থেকে তথ্য চুরির সন্দেহে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে মোহাম্মদ আলী আলোচনায় আসেন। ওই ঘটনার ‘সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য’ মোহাম্মদ আলীও সে সময় পাল্টা জিডি করেন।

এর কারণ হিসেবে তিনি দেখান, চিফ প্রসিকিউটর কার্যালয়ের একই কক্ষে তারা অফিস করেন এবং ওই কক্ষের কম্পিউটার থেকেই তথ্য চুরির সন্দেহের কথা বলেছেন তুরিন।

পুরনো খবর:

প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে চিঠি
প্রসিকিউটর মোহাম্মদ আলী বরখাস্ত