২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্তের শুরুতে হঠাৎ ঝড়-বৃষ্টি, প্রাণহানি

ফাল্গুনের দুপুরে আকাশ কালো করে মেঘ আর ঝড়ো হাওয়ার পর শিলা বৃষ্টি চমকে দিয়ে গেল রাজধানীবাসীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 12:52 AM

Updated : 11 Oct 2022, 07:50 PM

ঢাকার পাশাপাশি ঝড়ো হাওয়া আর বৃষ্টি হয়েছে চট্টগ্রাম, বরিশালসহ দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে।

নরসিংদীতে ঝড়ো হাওয়ায় দেয়াল ধসে দুই বোনের মৃত্যু হয়েছে। ঝড়ের মধ্যে নারায়ণগঞ্জে এক ট্রলারের ধাক্কায় আরেক ট্রলারের ছয়জন পানিতে ডুবে মারা গেছেন।

ঢাকায় কারও প্রাণহানি না হলেও চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করতে আসা কম্যুনিটি স্বাস্থ্যকর্মীদের ১৩ জন শিলের আঘাতে আহত হয়েছেন।

বিঘ্ন ঘটেছে অমর একুশে বইমেলায়। নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর বইমেলা চালু হলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক ঘণ্টার মধ্যে বন্ধ হয়।

ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে হাই কোর্টের সীমানা প্রাচীরের রেলিং ভেঙে পড়েছে। গাছ ভেঙে পড়েছে পাশে কাকরাইল মসজিদের সামনের রাস্তায়।

পূবালি লঘুচাপের প্রভাবে বুধবার ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির  পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর আগেই দিয়ে রেখেছিল। সকাল থেকে তপ্ত রোদের পর মাঝ দুপুরে আঁধার ঘনায় রাজধানীতে।

ঝড়ো হাওয়ার মধ্যে উড়তে থাকে ধুলা, ঝরা পাতা। আলো কমে আসায় জ্বলে ওঠে গাড়ির হেডলাইট। মুষলধারে বৃষ্টি শুরু হলে পথচারীদের ছুটতে দেখা যায় ছাউনির খোঁজে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, অনশনে আসা ১৩ জনকে দুপুরে হাসপাতালে আনা হয়। তারা সবাই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)।

পরিদর্শক মোজাম্মেল বলেন, “শিলার আঘাতে সবার মাথাসহ বিভিন্ন স্থানে ফুলে গেছে। এদের মধ্যে হাবিবুর বেশি আহত হয়েছেন। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।”

এদিকে বৃষ্টিতে বইমেলা প্রাঙ্গণের ভেতর পানি জমে যায়, ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন স্টল। বিদ্যু সংযোগ বিছিন্ন হয়ে যায় কোনো কোনো স্টলের।

এ পরিস্থিতিতে বিকাল সাড়ে ৫টার দিকে খোলা হয় মেলার ফটক। ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে বইমেলা শুরু হয় বিকাল ৩টায়, চলে রাত ৮টা পর্যন্ত।

তবে এদিন চালুর এর এক ঘণ্টার মধ্যেই মেলা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

“এর মধ্যে সংযোগ ঠিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও সেটা সম্ভব হচ্ছে না দেখে আমরা রিস্ক নিতে চাচ্ছি না,” বলেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ ।

বৃষ্টির ঝাপটায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের বেশিরভাগ স্টলেই কিছু না কিছু বই ভিজে গেছে। কারও কারও ক্ষতির মাত্রার ছিল অনেক বেশি।

মিজান পাবলিশার্সের মালিক মিজানুর রহমান পাটোয়ারি বলেন, “বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমার স্টলের উপরের অংশ ভেঙে পড়েছে। ভিজে গেছে স্টলে সাজিয়ে রাখা সব বই। হঠাৎ করে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হওয়ায় স্টল থেকে বই সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।”

অন্যপ্রকাশের স্টলের উপরে লাগানো হুমায়ূন আহমেদের বড় প্রতিকৃতিটি ভেঙে গেছে। স্টলের বইও ভিজে গেছে বেশ সংখ্যায়।

সেখানকার বিক্রয় ব্যবস্থাপক মশিউজ্জামান রিপন বলেন, “ডিসপ্লেতে থাকা প্রায় ৬০ শতাংশ বই বৃষ্টিতে ভিজে গেছে।”

প্রতিদিনই মেলার দ্বার উন্মুক্ত হওয়ার আগে থেকে ফটকে দর্শনার্থীদের জটলা থাকে। এদিনও তার ব্যতিক্রম দেখা যায়নি। মেলায় ঢুকতে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে অনেক বইপ্রেমীকে। ফটক খোলার পর তারা কিছুটা অস্বস্তি নিয়ে সারিবদ্ধভাবে ঢোকেন আগের মতো।

নরসিংদীতে দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

দুপুরে ঝড়ো হাওয়ায় নরসিংদী সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে দেয়াল ধসে দুই বোনের মৃত্যু হয়।

নিহত বীথি (৯) ও চুমকি (৭) ওই গ্রামের হালিম মিয়ার মেয়ে।

মাধবদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন জানান, ঝড়ে হালিমের ঘরের চাল উড়ে যায়। এ সময় ঘরের প্লাস্টারবিহীন ইটের দেয়াল ধসে পড়লে চৌকিতে বসে থাকা দুই বোন ঘটনাস্থলেই মারা যায়।

ট্রলার ডুবে ছয় জনের মৃত্যু

দুপুর সোয়া ১২টার দিকে ঝড়ের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর সংলগ্ন ধলেশ্বরী নদীতে অন্য একটি ট্রলারের (বাল্কহেড) ধাক্কায় এমভি রহমত উল্লাহ এক্সপ্রেস ডুবে যায়।

কিছুক্ষণ পর নদী থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এ সময় চারজনের খোঁজ মিলছিল না।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত সাড়ে ১০টার দিকে ওই চার শ্রমিকের লাশ উদ্ধার করে।