২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিতুমীর কলেজের হোস্টেলে অভিযান,  আটক ২

বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা হয়েছে বলে অভিযোগের পর ঢাকার সরকারি তিতুমীর কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 05:25 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

এরা হলেন, রেজাউল করিম ও সাইদুল ইসলাম।

‍পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তিতুমীর কলেজের একমাত্র শহীদ আক্কাছুর রহমান আঁখি হোস্টেলে এই অভিযান চালানো হয়।

অভিযানে দুজনকে আটক এবং বিভিন্ন কক্ষ থেকে বেশ কয়েকটি চাপাতি, রড ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

আটক দুজনের মধ্যে একজন কলেজের শিক্ষার্থী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হোস্টেল সুপার মিজানুর রহমান।

তিনি বলেন, “দুজনের মধ্যে একজন এই কলেজের শিক্ষার্থী । অন্যজন শিক্ষার্থী কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। তবে দুজনের কারোরই হোস্টেলে থাকার অনুমতি নেই।”

তবে আটক দুজনের মধ্যে কারও রাজনৈতিক সম্পৃক্ততা বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবি গত কয়েকদিনের মতো বুধবার সকালে কলেজ চত্বরে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভের সময় ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়।