২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ আরও তিনজন

ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন বস্তিতে একটি ভাঙারির দোকানে আগুন লেগে  একজনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও তিনজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 09:32 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে নার্গিসের ভাঙারির দোকান হিসেবে পরিচিত ওই দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। সেখান থেকে চারজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর আমজাদ নামে ২৪ বছর বয়সী একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দগ্ধ মেহেদী (২০), সোহাগ (২৫) ও ইয়ামিনকে (২৫) বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন. মোহেদীর শরীরের ৩২ শতাংশ, সোহাগের ৩০ শতাংশ এবং ইয়ামিনের ১২ শতাংশ পুড়ে গেছে। 

হতাহতরা সবাই ওই দোকানের কর্মচারী। রাতে তারা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা।

নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী জানান, ওই ভাঙারির দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্রের মধ্যে প্রচুর প্লাস্টিকের সামগ্রীও ছিল। ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।