২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলা নিয়ে ১২ অভিযোগ প্রকাশকদের

অমর একুশে বইমেলাকে আরও ‘চমৎকার’ করতে পাইরেটেড বই বিক্রি বন্ধ ও স্টল বিন্যাসসহ ১২টি বিষয়ে আয়োজক বাংলা একাডেমিতে অভিযোগ দিয়েছেন প্রকাশকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 01:30 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির এক চিঠিতে এই অভিযোগ করা হয়।

রোববার রাতে এই চিঠি দেওয়া হলেও বিষয়টি প্রকাশ হয় মঙ্গলবার।

সমিতির সভাপতি ওসমান গণি স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, “মেলায় বিভিন্ন স্টলে পাইরেটেড বই বিক্রি হচ্ছে। এমনকি ভারতীয় লেখকদের বই বেআইনিভাবে বিক্রি হচ্ছে মেলার বিভিন্ন স্টলে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ জোরদার করা প্রয়োজন।”

বাংলা একাডেমি প্রাঙ্গণের বিভিন্ন এনজিওর স্টলে পাইরেটেড বই বিক্রি হচ্ছে দাবি করে মেলা একটি স্থানে করার আহ্বান জানিয়েছেন তারা। 

শিশু চত্বরে ‘সিসিমপুর’ নামের প্রতিষ্ঠানটি পুরো চত্বরের ‘দখল’ নেওয়ার কারণে এর পেছন দিকের স্টলগুলোতে প্রবেশে দর্শনার্থীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন বলেও প্রকাশকদের অভিযোগ।

মেলার কোনো কোনো অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পানীয় জলের সংকটের কথা উল্লেখ করেছেন প্রকাশকরা।

তিন নেতার মাজারের কাছের প্রবেশদ্বারটি দূর থেকে দৃশ্যমান না হওয়ায় এ পথে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করার সুযোগ পাচ্ছেন না উল্লেখ করে প্রকাশকদের পরামর্শ, প্রবেশদ্বারে একটি তোরণ নির্মাণ হলে প্রবেশপথ দৃশ্যমান হবে এবং এ পথে লোকসমাগম হবে। এতে মেলার পূর্বাংশের স্টলগুলোতে দর্শনার্থীর সংখ্যা বাড়বে।

মেলা ধূলাবালি নিয়ন্ত্রণে পানি ফেলার কাজটিও সুচারুরূপে হচ্ছে না অভিযোগ করে চিঠিতে বলা হয়, ‍“কতকগুলো নির্দিষ্ট স্থানে পানি ফেলা হলেও গলির ভেতরের অংশে পানি না ফেলায় ধুলোবালি ছড়ায়।”

প্রকাশকরা বলেন, মেলায় বিভিন্ন ইউনিটের স্টলে অবকাঠামো নির্মাণে সমতা নেই। ফলে একই আয়তনের কোনো কোনো স্টল সদৃশ হয়েছে, আবার কোনোটি একেবারেই দীর্ঘকায় স্টলে পরিণত হয়েছে।

এ কারণে মেলা চত্বরের দৃশ্য নান্দনিকতায় ব্যত্যয় ঘটেছে বলে মনে করেন প্রকাশকরা।

তাদের চিঠিতে আরও বলা হয়, “বাংলা একাডেমি আমাদের জানিয়েছিল, স্টলের প্রতিটি গুচ্ছে ১/২/৩/৪ ইউনিট স্টল সমন্বয় করা হবে। বাস্তবে এর কোনো কিছু লক্ষ্য করা যায়নি।”

ধারাবাহিকতা মেনে স্টলের ক্রমিক নম্বরের দেওয়ার রেওয়াজে এবার ব্যতিক্রম হওয়ার কারণে দর্শনার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির পোহাচ্ছে বলেও অভিযোগ প্রকাশকদের।

তাদের অভিযোগ, প্রতি বছর লটারি করার আগে স্টলের নম্বর বসানো হয়। এবার ব্যত্যয় ঘটিয়ে স্টলের নম্বর বসানোর আগেই লটারি হওয়ায় অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।

স্টলের বিন্যাসের ক্ষেত্রে বাংলাদেশের ‘স্বনামখ্যাত এবং প্রতিষ্ঠিত’ প্রকাশনা প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্ব বিবেচনা করে স্টল দেওয়ার অতীতের রীতি বহাল রাখার দাবিও জানান তারা।

চিঠিতে বলা হয়, “মেলার দর্শনার্থীরা বহু কালের অভ্যাসবশত বাংলা একাডেমিতেই মেলার অবস্থান হিসেবে ধারণা করে বাংলা একাডেমি চত্বরে প্রবেশ করেন। তাদের অনেকেই সোহরাওয়ার্দীতে বইমেলার অন্য আরেকটি চত্বর আছে, তা জানতে না পারার কারণে এ কাজটি করে থাকেন।”

“এ সমস্যা সমাধানের জন্য টিএসসি এবং দোয়েল চত্বরের প্রবেশপথে মাল্টিমিডিয়ার মাধমে দু’ চত্বরের মেলার দৃশ্য প্রদর্শন করা প্রয়োজন।”