২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে গোলাগুলির পর অস্ত্রসহ ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার

পুরান ঢাকায় সন্দেহভাজন একদল ডাকাতের সঙ্গে গোলাগুলির পর ছয় জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 03:49 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

মঙ্গলবার ভোর রাতে গেন্ডারিয়ার শাহ সাহেব লেনে এঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর অধিনায়ক লেফনেন্যান্ট কর্নেল মহীউদ্দিন আহমেদ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল (২৫), আলম (৫০), মস্ত মুন্সি (৫৩), ওয়াজেদ হাওলাদার (৫০), কাওসার (২৪), অনিক (২২)। এরা সবাই বরিশাল জেলার বাসিন্দা।

দুপুরে আগারগাঁওয়ে র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মহীউদ্দিন বলেন, “ভোরে ৫৪/২ নম্বর শাহ সাহেব লেনের এক বাসায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

“সাত মিনিটের গুলাগুলির পর ডাকাত দলের নেতা রুবেলসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।”

এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ২২টি গুলির খোসা পাওয়া যায় বলে জানান তিনি।

“এরা বরিশাল থেকে রাজধানীতে ডাকাতি করতে আসে। আগে মগবাজারে একটি ডাকাতির ঘটনায়ও তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।”

তাদেরকে গেন্ডারিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।