২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় নিষিদ্ধ দোকান বসাতে পুলিশকে ৫০ টাকা

বইমেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভ্রাম্যমাণ দোকানে নিষেধাজ্ঞা থাকলেও ‘টাকার বিনিময়ে’ তা বসাতে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শাহবাগ থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 02:04 AM

Updated : 20 Aug 2022, 11:56 AM

তাদের একজন এএসআই  আতিউর; ব্যাজ পরা না থাকায় অপরজনের নাম জানা যায়নি।

সোমবার সন্ধ্যায় তাদেরকে টাকা নিতে দেখার পর দোকানীদের কয়েকজন বিষয়টি স্বীকারও করেন। তবে শাহবাগ থানার ওসি জানান, আতিউর নামে এএসআই  আছেন কি না- তা নিশ্চিত নন তিনি।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে সরেজমিনে দেখা যায়,টিএসসি এলাকায় ৪৫টি ভ্রাম্যমাণ দোকান আছে। এর বেশিরভাগ ফুচকার এবং বাকিগুলো চুড়ি ও আইসক্রিমের।

এসময় আতিউর ও অপর এএসআই  টিএসসির সামনে মোটরসাইকেলে বসা ছিলেন। তখন হাবীব নামে এক ফুচকার দোকানদার টাকা তুলে কাল্লু নামে আরেক ফুচকার দোকানদারকে দিচ্ছিলেন। হাবীব চলে গেলে কাল্লু টাকা বের করে দেন আতিউরের সঙ্গে থাকা এএসআইকে।

এরপর আতিউর টাকা নিয়ে ইউনুস নামে এক আইসক্রিম বিক্রেতার কাছ থেকে ২৫ টাকা দামের দুটি আইসক্রিম নেন এবং খেতে খেতে রাজু ভাস্কর্যের দিকে যান। পরে গ্রন্থমেলার প্রবেশপথে গিয়ে কয়েকজনের সঙ্গে আলাপ শুরু করেন তিনি।

কিছুক্ষণ পর আতিউরের সঙ্গে থাকা এএসআই  ২৫ টাকা দামের তিনটি আইসক্রিম নিলেন জয়নাল নামে আরেক দোকানীর কাছ থেকে। এরপর তিনিও গেলেন বইমেলার প্রবেশপথে। সেখানে ‘অতিথিদের’ আইসক্রিমগুলো খাওয়ানোর পর দুই পুলিশ কর্মকর্তা ঢুকলেন বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণে। 

ফুচকা দোকানী হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ৩০০ টাকাই ছিল। কয়েকজনের কাছ থেকে তুলেছি। পুলিশ কাল্লুকে দিতে বলেছিল। আমি কাল্লুকে দিয়ে চলে আসি।”

তিনি বলেন, “পুলিশ প্রথমে আমাদেরকে টিএসসি এলাকা ছেড়ে যেতে বলে। পরে দোকানপ্রতি ১০০ টাকা করে দিলে দোকান বসানোর নিশ্চয়তা দেয়।

“১০০ টাকা বেশি হয় বললে আমাদের অকথ্য ভাষায় গালি-গালাজ করে। সবশেষে দোকানপ্রতি ৫০ টাকা করে দেওয়ার চুক্তি হয়।”

“আমরা গরীব মানুষ। ব্যবসার খাতিরে টাকা দিছি”, বলেন কেরানীগঞ্জ থেকে আসা ফুচকার দোকানী হাবিব।

পুলিশকে টাকা দেওয়ার কারণ জানতে চাইলে ফুচকার দোকানী কাল্লু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনারা আমাদের কাছ থেকে ১০০ টাকা করে তুলতে বলেন। আমি বলি, স্যার আমরা গরীব মানুষ। পরে হাবীব টাকা তুলে আমাকে দেয়। আমি পুলিশ স্যারকে দিয়ে দেই।”

এসব ঘটনার ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আতিউর নামে কোনো এএসআই  আছে কি না- খোঁজ নিয়ে দেখতে হবে।”

পরবর্তীতে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অবশ্য এর কিছু সময় পর আইসক্রিম দোকানদার জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ৮টার দিকে ওই দুই পুলিশ আইসক্রিমের টাকা দিয়ে গেছেন।