বিসিএসে মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর রাখার কাজ চলছে: মোজাম্মেল হক
বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর রাখার কার্যক্রম চলছে বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের কথা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণ রাখে, সেজন্য পাঠ্যসূচির সাথে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস- সেখানেও ২৩ বছরের মুক্তি সংগ্রাম এবং নয় মাসের মুক্তিযুদ্ধের উপর ১০০ নম্বর রাখার জন্য কার্যক্রম চলছে।”
হুইপ শহিদুজ্জামানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি রক্ষার্থে সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথাও জানান।
শামছুল হক ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ অভিহিত করে তাদের যথাযথভাবে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ।
মোজাম্মেল হক বলেন, “...যারা আজকে বিতর্ক করেন । স্বাধীনতার ঘোষণা কী? কিন্তু আগের ২৩ বছরের ইতিহাসকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের কথা ভাবা যায় না। কারণ ইতিহাসের অত্যন্ত একটি মাইল ফলক হল আগরতলা ষড়যন্ত্র মামলা।”
“তাই এ মামলায় বঙ্গবন্ধুর সাথে যারা অভিযুক্ত ছিলেন, যাদের বিরুদ্ধে সেসময় অভিযোগ আনা হয়েছিল- নিঃসন্দেহে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান।তাই আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ব্যক্তিদের অবশ্যই যথাযথভাবে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে।সেই স্বীকৃতি তারা পাবেন।”
‘আগে মুক্তিযুদ্ধের কোনো সুস্পষ্ট সংজ্ঞা ছিল না’ মন্তব্য করে বর্তমান সরকারের সময়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
“এতে যারা ১৯৭১ সালে মহান জাতীয় সংসদের এমএলএ-এমএলএন ছিলেন, তার মধ্যে যারা পাকিস্তানের প্রতি আনুগত্য স্বীকার করেছিলেন- সেই কয়েকজন গাদ্দার ছাড়া বাকি সকল মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।
“এছাড়াও মুজিবনগর সরকারের যত কর্মকর্তা-কর্মচারী স্বাধীন দেশের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন, যারা দেশে-বিদেশে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করেছেন, যারা সাংবাদিকতা করেছেন- যারা স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র পরিচালনা করেছেন, যারা শিল্পী ও কলাকুশলী ছিলেন, তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। এমনকি যারা ক্যাম্প পরিচালনা করেছেন তারাও বিবেচিত হবেন।”
এছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর টর্চার সেল মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে ঘৃণা স্তম্ভ নির্মাণ মন্ত্রণালয়ের সক্রিয়া বিবেচনায় রয়েছে বলে সাংসদ জাহাঙ্গীর কবির নানকের এক সম্পূরক প্রশ্নের জবাবে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
বর্তমানে ১১১৩টি প্রতিষ্ঠানে ইটিপি
নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন জানান, ২০১৫ সাল পর্যন্ত দেশে ইটিপি স্থাপনযোগ্য এক হাজার ৪৮২টি প্রতিষ্ঠানের মধ্যে এক হাজার ১১৩টিতে ইটিপি স্থাপন করা হয়েছে। ২০১০ সালের জুলাই থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই হাজর ১১৯টি দূষণকারী প্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে ২০৩ কোটি ৮১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করে ১৩১ কোটি ৫৪ লাখ টাকা আদায় করা হয়েছে।
সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, বর্জ্য পরিশোধনের ব্যবস্থা না থাকায় দূষণকারী ৭৩১টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৩ কোটি ৪৮ লাখ টাকা আদায় করা হয়েছে।
এ বছরে যুক্ত হচ্ছে সাবমেরিন
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “এ বছরের শেষের দিকে বাংলাদেশের জন্য চীনের তৈরি করা সাবমেরিন নৌবাহিনীর বহরে যোগ হবে।
“নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ২০১৩ সালের ১৩ নভেম্বর চীন থেকে সাবমেরিন টাইপ ০৩৬জি কেনার চুক্তি হয়। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষা জোরদার ও নজরদারি বাড়াতে চারটি এয়ার ডিফেন্স রাডার কেনা হয়েছে।”
এছাড়া আগামী জুনে চীন থেকে আরও একটি রাডার বাংলাদেশে আসবে বলে সংসদকে জানান জনপ্রশাসনমন্ত্রী।
