প্রধান বিচারপতি সিনহার ‘মানহানি’: জনকণ্ঠ সম্পাদককে তলব
‘প্রধান বিচারপতি এস কে সিনহা গোলাম আযমের সৃষ্ট শান্তি বাহিনীতে যোগ দিয়েছিলেন’- উপসম্পাদকীয়তে এমন বক্তব্য প্রকাশের অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ তিনজনকে তলব করেছে ঢাকার একটি আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পত্রিকাটির সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে এক আইনজীবীর করা মানহানি মামলার আবেদনের পর তাদেরকে তলব করা হয় বলে জানান আদালতের পেশকার আশিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আইনজীবী আরফান উদ্দিন খান বিকালে পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, নির্বাহী সম্পাদক স্বদেশ রয়ের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন।
বাদির জবানবন্দী নিয়ে হাকিম স্নিগ্ধা চক্রবর্তী ২১ মার্চ তাদেরকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
আরজিতে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি পত্রিকাটির ৬ নম্বর পৃষ্ঠায় উপসম্পাদকীয় হিসেবে ‘অবসরের পরে রায় লেখা।। এজেন্ডা বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শিরোনামে স্বদের রায়ের এক লেখায় বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ‘২২ বছরের মি. সিনহা গোলাম আযমের সৃষ্ট শান্তি বাহিনীতে যোগ দিয়েছেন।’
“এরপর ১৯ ও ২০ জানুয়ারিতেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কয়েকটি বক্তব্য দিয়ে খবর ছাপা হয়, যা মানহানিকর ও মিথ্যা।”
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে সারা দেশে করা ‘শান্তি কমিটি’র সদস্য ছিলেন মুসলিম লীগ নেতারা।
আরজিতে বাদিসহ সাতজনের নাম উল্লেখ করে তাদেরকে সাক্ষী করা হয়েছে।
