২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকলীতে পুলিশের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কাকলীতে উল্টো পথে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 04:56 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

নিহত যুবকের নাম রিয়াজউদ্দিন অপু (২৬)। তার বাসা তেজকুনি পাড়ায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক মোটরসাইকেলে করে কাকলী মোড় থেকে নেভি সদর দপ্তরের দিকে যাচ্ছিলেন। এই সময় উল্টো পথে থাকা পুলিশের রিকুইজেশন করা একটি বাস তাকে ধাক্কা দেয়।

এরপর স্থানীয়রা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়।

বনানী এলাকার পরিদর্শক (পেট্রোল) মো. সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকা গেইটের কাছে রিকুইজেশন করা পুলিশের বাসটি উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

“রক্তাক্ত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।”

দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।