যাত্রাবাড়ীতে ডিবির জ্যাকেটসহ ৮ ‘ডাকাত’ গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ডাকাত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা গোয়েন্দা পুলিশের (ডিবি) মিথ্যা পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ীর মাতুয়াইল মাতৃসদনের সামনে অভিযান চালিয়ে রোববার বিকালে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পশ্চিমের একটি দল।
গ্রেপ্তার আটজন হলেন- মো. শহীদুল ইসলাম মাঝি, মো. ইউসুফ কাজী, মো. আব্দুল মালেক, মো. মালেক চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মো. ইয়াসিন, মো. বাদল ও মো. আব্বাস আলী।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ডিবির জ্যাকেট ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এতে বলা হয়, ডাকাতদের এই চক্রটি সাত থেকে আট বছর ধরে ভুয়া ডিবি পরিচয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।
সাধারণত রাস্তায় যাত্রাবাহী বাস থামিয়ে ডিবি পরিচয় দিয়ে যাত্রীদের টাকা, গহনা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে যাত্রীদের নির্জন জায়গায় রেখে চলে যেত তারা।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এদের নামে একাধিক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
