মাহমুদুরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
শাহবাগ থানার নাশকতার এক মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ হেফাজতে না নিয়ে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সোমবার মাহমুদুরের রিমান্ড ও জামিন চেয়ে দুই পক্ষের করা আবেদন নাকচ করে মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।
বিচারক আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন বলে আসামির অন্যতম আইনজীবী বেলাল হোসেন জসিম জানিয়েছেন।
২০১৩ সালের জানুয়ারিতে বিস্ফোরক দ্রব্য আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র কামাল হোসেনের দায়ের করা এ মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে চলতি বছর ১৫ ফেব্রুয়ারি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।
শাহবাগ থানার করা ওই আবেদনের শুনানি নিয়েই সোমবার এ আদেশ দেন বিচারক।
মাহমুদুর রহমান ছাড়াও এই মামলায় ছাত্রদলের তৎকালীন সভাপতি আব্দুল কাদের জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৪৪ জনকে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন এলাকার উল্টোদিকের রাস্তায় আসামিরা হাতবোমা ছুড়লে করলে বাদীসহ কয়েকজন আহত হন।
বিভিন্ন আইনে প্রায় ৭০টি মামলায় মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১ এপ্রিল থেকে কারাগারে আছেন।
