শহীদ মিনারে জনসমুদ্রে ওপার বাংলার ঢেউ
মায়ের ভাষার অধিকার রক্ষার সংগ্রামে ছয় দশকেরও বেশি সময় আগে যারা জীবন উৎসর্গ করেছিল, তাদের স্মরণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার স্রোতে শামিল হয়েছেন ওপার বাংলার অনেকে।
একুশের প্রভাত ফেরিতে অংশ নিতে ভারত থেকে ছুটে আসা এই বাঙালিরা রোববার সকালে স্মৃতির মিনারে ফুল দিয়ে জানিয়েছেন বাংলা ভাষা আর সংস্কৃতিতে তাদের অংশীদারিত্বের কথা।
“এটা আমার দীর্ঘদিনের পুষে রাখা বাসনা। সময় আর সুযোগের অভাবে এতোদিন হয়ে ওঠেনি। আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে ভাষার জন্য আত্মদানের স্মৃতির কেন্দ্রে আমি আসতে পেরেছি,” বললেন কলকাতা থেকে আসা সুস্মিতা সেন।
শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটি বিষয় আমার আজ মনে হচ্ছে, ধর্ম আর রাজনীতির চেয়ে ভাষার শক্তি বেশি। ভাষা সংস্কৃতির ধারক, কৃষ্টির ধারক। কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখতে ভাষার চেয়ে শক্তিশালী মাধ্যম নেই।”
শ্যামবাজারের বাসিন্দা সুস্মিতা জানান, তার বন্ধু-পরিচিত অনেকেই আসতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি।
“তারা বলেছে, ‘তুমি যাও। দেখি, কী রকম অভিজ্ঞতা নিয়ে ফিরে আসো। এরপর আমরাও যাব।’
“আমি আজ যা দেখলাম, তাতে অভিভূত। আমি সেটা তাদের সঙ্গে ভাগ করে নেব,” বলেন ওপার বাংলার এই নারী।
“কলকাতায়তো কথাবার্তায় আমরা ৪০-৫০টা বাংলা শব্দ ব্যবহার করি। বাকিটা অন্য শব্দ দখল করে নিয়েছে।
“এখানে বিলবোর্ডে একটা বিজ্ঞাপন দেখেছি, ‘হুলস্থুল ছাড়’। কলকাতায় রিকশাওয়ালাও ‘মেগা সেল’ বলবে। কথা বলার সময় দেখলাম, একজন ‘স্বাতন্ত্র’ শব্দটা বলছে। কলকাতার আর্ধেক লোক বলতে পারবে না- এটার মানে কী।”
অবশ্য প্রযুক্তির পথ ধরে আসা ইংরেজি শব্দগুলোর বাংলা এ দেশে এখনো চালু হয়নি দেখে খানিকটা দুঃখ প্রকাশ করেন তিনি।
কথায় কথায় অনিকেশ জানালেন, কেবল শহীদ মিনারে ফুল দিতেই এবার তার ঢাকায় আসা।
“আমরা কিন্তু সেইন্ট মার্টিন যাচ্ছি না, চট্টগ্রাম যাচ্ছি না; দর্শনীয় পর্যটন জায়গাগুলোতে যাচ্ছি না।… সেইন্ট মার্টিন হয়তো আরেকবার বউকে নিয়ে এসে যাবো,” বলেন তিনি।
অনিকেশের সঙ্গে একই দলে ঢাকায় আসা জয়া চৌধুরী জানালেন, ২০০৮ সালেও একবার এসেছিলেন তিনি।
অবশ্য জয়ার কাছে এবারের শহীদ মিনারের অভিজ্ঞতা আগের তুলনায় একটু আলাদা। এবার ‘বিশেষ ব্যবস্থাপনায়’ পূর্ব পাশ দিয়ে শহীদ মিনারের মূল বেদীতে এসেছেন তিনি। আগের বার এসেছিলেন প্রভাতফেরির সঙ্গে পায়ে হেঁটে।
“২০০৮ সালে হাজবেন্ডের সঙ্গে এসেছিলাম। সেইবার প্রভাতফেরির মিছিলে আস্তে আস্তে এসেছি। এইবারতো এপাশ দিয়ে ভিআইপির মতো চলে এসেছি। আমার কাছে এখন মনে হচ্ছে, ২০০৮ সালই ভালো ছিল। অনেক বেশি উত্তেজনা ছিল।”
কলকাতার টালিগঞ্জের ব্যবসায়ী তারৎনাথ দত্ত ১৯৯৬ সাল থেকে প্রতি বছর শহীদ মিনারে ফুল দিতে ঢাকায় আসছেন বলে জানালেন। এবার তার সঙ্গে এসেছেন ব্যবসায়ী বন্ধু তারৎনাথ সাহা।
সাইক্লিস্টদের একটি দলের সঙ্গে তাদের শহীদ মিনারে আসার কথা থাকলেও ভিসা জটিলতায় একসঙ্গে আসা হয়নি। তবে তারৎনাথরা যে হোটেলে উঠেছে, সেখানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কলকাতা থেকে আসা আরও ১৭ জন উঠেছেন বলে জানান তিনি।
পূর্বপুরুষ ছিলেন এ বাংলারাই বাসিন্দা। হয়তো সে কারণেই বাংলার টান, বাঙালির টান তিনি এড়াতে পারেন না।
“২০০৬ সালে আমার মা মারা গেলেন, সেবারও আমি এসেছি। বাদ যায়নি একবারও।”
তারৎনাথ দত্ত জানালেন, আগে তিনি কলকাতার কার্জন পার্কে শহীদ দিবসের অনুষ্ঠানে যেতেন। এখনো সেখানে ভাষা দিবস পালিত হয়, তবে ঢাকার মতো প্রাণ নেই সেখানে।
অবশ্য কলকাতার বাংলা মৃত্যুর পথে- এমন অভিযোগ তিনি মানতে রাজি নন।
“কলকাতা সবার। যে কলকাতায় যায়, কলকাতা তারই। ধর্ম, বর্ণ, ভাষার ভেদ নেই। কলকাতায় যে গেল, তার ভাষাকে যদি আমি মান্য না করি, তাহলে সেটাতো আমার মায়েরও অপমান করা হয়। তবে বাঙালির ছেলে কেউ যদি বাংলা না জানে সেটা দোষের।”
