২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার শাকিলার জামিন নিয়ে আদেশ ২২ ফেব্রুয়ারি

সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন মিলবে কি না ২২ ফেব্রুয়ারি তা জানা যাবে ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 06:32 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

জঙ্গি অর্থায়ন: শাকিলাকে হেফাজতে পায়নি র‌্যাব

শাকিলার জামিন প্রশ্নে রুলের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ আদেশের এ দিন ঠিক করে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও জয়নুল আবেদীন; সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে ১৩ জানুয়ারি একই বেঞ্চ শাকিলার জামিন প্রশ্নে রুল দেয়। সন্ত্রাস দমন আইনে করা ওই দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।

এই রুলের ওপর বৃহস্পতিবার শুনানি শেষে আদালত ২২ ফেব্রুয়ারি আদেশের দিন ঠিক করে দিয়েছে বলে জানান আইনজীবী সগীর হোসেন লিওন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন না মঞ্জুর হয়। ১২ জানুয়ারি হাই কোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই রুল দেয়।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন ও চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী ব্যরিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করে র্যা ব।

Image
শাকিলা ফারজানা (ফাইল ছবি)

শাকিলা ফারজানা (ফাইল ছবি)

এর মধ্যে আইনজীবী লিটন সুপ্রিম কোর্টে ও আইনজীবী মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে কর্মরত।

পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত ১৪ ডিসেম্বর জামিন পান।

চট্টগ্রামের অবকাশকালীন জজের দায়িত্বে থাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম ওইদিন তাদের জামিন মঞ্জুর করে।

সন্ত্রাস দমন আইনে করা বাঁশখালী থানার এক মামলায় এর আগে জামিন পেয়ে গত ১৫ ডিসেম্বর ওই দুই আইনজীবী মুক্তি পান।