২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি অর্থায়ন: শাকিলাকে হেফাজতে পায়নি র‌্যাব

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার বিএনপিনেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে দ্বিতীয় দফা হেফাজতে নিতে র‌্যাবের আবেদন নামঞ্জুর হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 02:23 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম শিবলু কুমার দে র‌্যাবের একটি আবেদনের শুনানি নিয়ে তা নাকচ করে দেন।

হাটহাজারী থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় শাকিলাকে চারদিনের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল র‌্যাবের পক্ষ থেকে।

আসামির আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় আগে একবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি এ মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। এরপর তাকে আবার রিমান্ডে দেওয়া যায় না।”

উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত শাকিলার চিকিৎসায় আগেই একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে আইনজীবী সাত্তার বলেন, “আদালত তিন দিনের মধ্যে মেডিকেল বোর্ডকে শাকিলার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন জমা দিতে বলেছে।”

গত ২৪ অগাস্ট এ মামলায় শাকিলা ফারজানাকে ৪৮ ঘণ্টা এবং তার সঙ্গে গ্রেপ্তার দুই আইনজীবী মো. হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনকে ৭২ ঘণ্টা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। এরপর ২৬ অগাস্ট জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের কাছে তারা জবানবন্দি দেন।

এই তিন আইনজীবীকে গত ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্থানা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৯ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর সুলতান আহমেদ সড়কে এসকে সাফিনা ভবনে ‘আল মাদরাসাতুল আবু বকর’ মাদ্রাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তারদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি রাতে বাঁশখালীর সাধনপুর উপজেলার লটমনি পাহাড়ে ওই অভিযান চালানো হয়।

বাঁশখালী থানার মামলায়ও আদালতে জবানবন্দি দিয়েছেন তিন আইনজীবী।

পুরনো খবর:

‘শাকিলারা দোষ স্বীকার করেননি’
জঙ্গি অর্থায়ন: ব্যারিস্টার শাকিলাকে ফের রিমান্ডে নিতে শুনানি