২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের পক্ষে আপিলে যুক্তি চলছে

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের উপর আসামিপক্ষ যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 11:45 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

মঙ্গলবার চতুর্থ দিনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বুধবার পর্যন্ত তা মুলতবি করেন।

এ দিন রাষ্ট্রপক্ষের আনা চারটি চার্জের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। সকাল ৯টা থেকে মাঝে আধ ঘণ্টা বিরতি দিয়ে সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে।

মীর কাসেমের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান, উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনও।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ।

এস এম শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপক্ষের আনা ৯, ১০, ১১ নম্বর অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন করেছেন তারা।

“এসব চার্জে শোনা সাক্ষীর ওপর নির্ভর করা হয়েছে। ১১ নম্বর অভিযোগে ফাঁসি দণ্ড হলেও নির্ভরযোগ্য সাক্ষী দেখা যাচ্ছে না। এমনকি প্রসিকিউশনের দাখিল করা ‘সে সময়ে আনন্দ বেদনায়’ নামে একটি বই জমা দেয়, তাতে কোথাও আপিলকারীর (মীর কাসেমের) নাম নেই। এসব যুক্তি দিয়ে খালাস চাওয়া হয়েছে।”

বুধবার প্রাথমিক যুক্তি উপস্থাপন শেষ হতে পারে বলে আশা করেন আসামি পক্ষের এই আইনজীবী।

এর আগে ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের শুনানিতে আসামিপক্ষ দ্বিতীয় ও তৃতীয় চার্জের বিষয়ে যুক্তি উপস্থাপন করে। তৃতীয় দিনের শুনানিতে সোমবার আসামিপক্ষ চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম অভিযোগে ওপর যুক্তি দেয়।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগের মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি কাসেমের ফাঁসির রায় আসে।

ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন তিনি। দেড়শ পৃষ্ঠার মূল আবেদন ও এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্রসহ করা আপিলে মীর কাসেম সাজা বাতিল চেয়ে খালাস চান।এই আপিলের ওপর ৯ ফেব্রুয়ারি শুনানি শুরু হয়, এটি আপিল আদালতে আসা সপ্তম মামলা, যার ওপর শুনানি চলছে।