২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক প্রশ্ন নিয়ে কতদিন’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে পরপর কয়েকটি অধিবেশনে প্রশ্ন করেও জবাব না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছেন সরকারি দলের সাংসদ ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 08:29 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এ বিষয়ে স্পিকারের রুলিংও দাবি করেন।

জবাবে স্পিকার বলেন, তিনি বিষয়টি দেখবেন।

বিকেল পৌনে ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। পরে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

আবুল কালাম আজাদ ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশে বলেন, “দেশের মানুষকে তথ্য দেওয়ার জন্য আমরা তথ্য অধিকার আইন করেছি। জনগণ এখন তথ্য পায়। কিন্তু সংসদে আমরা তারকা চিহ্নিত প্রশ্ন করে তার জবাব পাই না।

“পরপর তিন অধিবেশনে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেছি। তিনি আমার পাশেই বসে আছেন। তিনি প্রশ্নের জবাব পরবর্তী দিনের জন্য স্থানান্তরিত করেছেন। আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। কিন্তু এক প্রশ্ন কতদিন স্থানান্তরিত হবে?”

তিনি বলেন, “প্রথমে বলা হল নভেম্বর মাসে, এরপর ২ ফেব্রুয়ারির জন্য নির্ধারণ করা হল, আজ আবার দেখা যাচ্ছে স্থানান্তরিত। এটা কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে?”

সাংসদদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য মঙ্গলবার পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্ধারিত দিন ছিল।

এদিনের জন্য নির্ধারিত প্রশ্নের মধ্যে তারকা চিহ্নিত ১৮টি এবং ৯টি লিখিত প্রশ্নের জবাব স্থানান্তর হয়েছে।