জঙ্গি দমন ইউনিটের দায়িত্বে মনিরুল
যুগ্ম কমিশনার থেকে অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হিসেবে পদোন্নতির পর পুলিশে জঙ্গি দমনের একটি বিশেষায়িত ইউনিটের প্রধানের দায়িত্ব পেয়েছেন মনিরুল ইসলাম।
৬০০ জনবল নিয়ে নবগঠিত ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম’ ইউনিটের প্রধান হিসেবে মঙ্গলবারই মনিরুলের নিয়োগ হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানিয়েছেন।
মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গি দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত এই ইউনিট গঠন করা হয়েছে।
এই ইউনিটে ৬০০ সদস্য থাকবে, এরমধ্যে একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, চারজন উপ-কমিশনার, ১০ জন অতিরিক্ত উপ-কমিশনার, ২০ জন সহকারী কমিশনার।
এই ইউনিট পুরোদমে চালু হয়েছে কি না- জানতে চাইলে মনিরুল বলেন, “সবাই এখনও বদলি হয়ে আসেননি।”
জঙ্গি দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে যেসব পুলিশ কর্মকর্তা ডিএমপিতে ও গোয়েন্দা শাখায় কাজ করছেন সেসব কর্মকর্তাকে এই বিশেষায়িত ইউনিটে যুক্ত করার কথা আগেই জানানো হয়েছিল।
ডিআইজি মনিরুল দীর্ঘদিন ডিএমপির মুখপাত্র হিসেবে কাজ করেন এবং জঙ্গি দমনে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন।
এই ইউনিট দেশে ও দেশের বাইরের সন্ত্রাসীদের তথ্য-উপাত্ত সংগ্রহ, তাদের তৎপরতা প্রতিরোধ, সন্ত্রাসীদের গতিবিধি সব সময় তদারক করবে এবং তাদের গ্রেপ্তারে কাজ করবে।
পুলিশ কর্মকর্তারা জানান, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে প্রযুক্তিনির্ভর এই বিশেষ ইউনিট।
