অন্য দায়িত্বে থাকা বিচারিক কর্মকর্তাদের বিষয়েও সুপ্রিম কোর্টের সায় লাগবে
সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রেষণে বা নিয়োগপ্রাপ্ত কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণসহ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বাধ্যবাধকতার বিষয়টি নির্বাহী বিভাগকে স্মরণ করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক স্মারক সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়, যাতে বিষয়টি উল্লেখ করা হয়।
এতে সংধিধানের ১১৬ অনুচ্ছেদ এবং মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনা উল্লেখ করে বলা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সংশ্লিষ্ট যাবতীয় বিষয় যেমন- কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বিধান, বিদেশ গমন ও চাকরির অন্যান্য শর্তাবলী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা-২০০৭ এর আলোকে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রেষণ বা অন্য কোনো দায়িত্বে নিয়োগের বিধান রয়েছে।
গত ২৬ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান বিচারপতি এস কে সিনহা জানিয়েছিলেন, নিম্ন আদালতের ১৫০০ বিচারকের মধ্যে প্রেষণ ব্যতীত ১৩০০ বিচারক বিচারকাজ পরিচালনা করছেন।
প্রেসণ কিংবা অন্য দায়িত্ব নিয়ে যাওয়া রবিচার বিভাগীয় কর্মকর্তারা বিচার বিভাগীয় কর্মকর্তাই থাকেন উল্লেখ করে স্মারকে বলা হয়, এ রূপে নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরির শর্তাবলী, বিদেশ গমন ইত্যাদি সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করা আইন, বিধি-বিধান ও শৃঙ্খলা পরিপন্থি এবং অসদাচরণের সামিল।
“এমতাবস্থায় বিচার বিভাগীয় কর্মকর্তাগণ সুপ্রিম কোর্ট, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয় বা অন্য কোনো কর্তৃপক্ষের অফিসে প্রেষণ বা অন্যবিদভাবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালনকালে তাদের চাকরির শর্তাবলী বিদেশ ভ্রমণ ইত্যাদি সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সুপ্রিম কোর্টের সাথে আবশ্যিকভাবে পরামর্শে গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হল।”
