২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের ‘বাংলাদেশ বন্ধু’ এমপিদের সাক্ষাৎ

ব্রিটিশ এমপি কেইর স্টার্মারের  নেতৃত্বে ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’র একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 11:04 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।

লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যানক্রাসের এমপি কেইর স্টার্মারের নেতৃত্বে প্রতিনিধি দলে ইস্ট হ্যামের এমপি স্টিফের টিমস ও ক্রয়ডেন নর্থের এমপি স্টিভ রীডসহ লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের আটজন সদস্য ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আরও ব্রিটিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা তুলে ধরে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং ব্রিটিশ ভিসা সেন্টার নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা ইস্যু করা হলেও ২০১৪ সাল থেকে ভারতের নয়া দিল্লি থেকে তা দেওয়া হচ্ছে।

বৈঠকে ব্রিটিশ ভিসা যেন পুনরায় বাংলাদেশ থেকে দেওয়া হয় সেজন্য কাজ করবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন প্রতিনিধি দলের সদস্যরা।

কেইর স্টার্মার, স্টিফেন টিমস ও স্টিভ রীডের সংসদীয় এলাকা বাংলাদেশি অধ্যুষিত বলে তারা উল্লেখ করেন।

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা ব্রিটেন ও বাংলাদেশ- দুই দেশের অর্থনীতিতেই অবদান রাখছেন বলে বৈঠকে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

এসময় যুক্তেরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত তিন সদস্য রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রুপা হকের প্রশংসাও করেন প্রতিনিধি দলের সদস্যরা।

লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান হওয়ার্ড দবের, মহাসচিব মতিন উজ-জামান, ভাইস চেয়ারম্যান নাসিম আলি ও রবার্ট ইভান্স, নির্বাহী সদস্য রবার্ট ল্যাথাম, আব্দুল হাই ও সৈয়দ আবুল বাশার, কোষাধ্যক্ষ ক্রিস ওয়েভার্স প্রতিনিধি দলে ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম।