২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন সড়কে নামছে ৮৫৫টি গাড়ি

বাংলাদেশে প্রতিদিন ৮৫৫টি নতুন গাড়ি নিবন্ধিত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 09:46 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সংসদ অধিবেশনে সোমবার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে সড়ক পথে চলাচলের জন্য ইঞ্জিনচালিত ২৪ লাখ ৮৮ হাজার ১০১টি যানবাহন রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।

“প্রতিদিন নতুন করে সারাদেশে বিভিন্ন শ্রেণির প্রায় ৮৫৫টি গাড়ি বিআরটিএ হতে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে।”

দেশে প্রতিদিন গড়ে ৮টির মতো সড়ক দুর্ঘটনায় ঘটছে এবং এতে প্রতিদিন গড়ে ৭ জন নিহত ও ৬ জন আহত হচ্ছেন বলে জানান মন্ত্রী।

সরকারি হিসাবে ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৭ বছরে মোট ২৯ হাজার ৯৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহতের সংখ্যা ৩২ হাজার ৯৫৬ জন। এর মধ্যে নিহত হয়েছেন ১৮ হাজার ৪৭৭ জন। মারাত্মক আহত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন এবং সামান্য আহত হয়েছেন ২ হাজার ২৪৩ জন।

ওবায়দুল কাদের জানান, পৃথিবীর বৃহত্তম সড়ক সেতুর মধ্যে বাস্তবায়নাধীন পদ্মা সেতুর অবস্থান ২৫তম।

“তবে নদীর ওপর নির্মিত সেতুর মধ্যে পদ্মা সেতুর অবস্থান দৈর্ঘ্যের দিক থেকে প্রথম এবং ফাউন্ডেশনের গভীরতার দিক থেকেও এর অবস্থান প্রথম।”

পদ্মা সেতুর এপারের সংযোগ সড়ক থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং অন্য প্রান্তের সংযোগ সড়ক থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মোট ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেইনে উন্নীত করতে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী। এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী।