হাই কোর্টে কাগজের কার্যতালিকা আরও দেড় মাস
ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের হাই কোর্টে ‘শুধু’ অনলাইনে কার্যতালিকা চালুর সিদ্ধান্ত এলেও কাগজে ছাপানো কার্যতালিকা চালু থাকছে ৩১ মার্চ পর্যন্ত।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্চ মাসেও ছাপানো কার্যতালিকা পাওয়া যাবে।”
রেজিস্ট্রার জেনারেলই গত ২৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, হাই কোর্টে ১ ফেব্রুয়ারি থেকে কাগজে ছাপা ‘কজলিস্ট’ সম্পূর্ণভাবে বন্ধ করে কেবল অনলাইনে ওই তালিকা প্রকাশ করা হবে।
তার ওই সংবাদ সম্মেলনের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে অনলাইনের পাশাপাশি কাগজের কার্যতালিকা প্রকাশ অব্যাহত রাখার দাবি জানানো হয়। জ্যেষ্ঠ আইনজীবীরা বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখাও করেন।
তাদের চেষ্টায় কাগজের কজলিস্টের আয়ু বেড়ে হয় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু সেই তারিখে এসে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়, আইনজীবীদের অনুরোধে হাই কোর্ট বিভাগে কাগজের কজলিস্ট আরও ৩১ মার্চ পর্যন্ত থাকছে।
বহুকাল ধরে কাগজের কার্যতালিকা ধরে কাজ করতে অভ্যস্ত আইনজীবীরা নতুন পদ্ধতিতে কাজের ধরন নিয়ে শঙ্কিত।
অনলাইনে কার্যতালিকা প্রকাশ হলে ছাপানোর খরচ বেঁচে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ কাগজের সাশ্রয়ের কথা ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলনে তুলে ধরেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।
সেদিন তিনি বলেন, বর্তমানে প্রতিটি কজলিস্ট ছাপাতে প্রায় ৪০০ টাকা খরচ পড়ে। এভাবে বছরে সর্বমোট খরচ হয় প্রায় ২১ কোটি টাকা, অথচ গ্রাহক চাঁদা বাবদ বছরে আদায় হয় মাত্র ৬০ লাখ টাকা, বাকি টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে।
“দৈনিক যে কজলিস্ট বের হয়, এর ৪০টি কজলিস্ট তৈরির পেছনে হিসেবে করে দেখেছি একটি মাঝারি আকারের গাছ কাটা পড়ে। আমাদের ২৬০০ কজলিস্ট প্রতিদিন প্রস্তুত হয়। সে হিসেবে প্রতিদিন ৬৫টি গাছ কাটা পড়ত। আমাদের এই অনলাইন কজলিস্ট চালু হলে প্রতিদিন আমরা ৬৫টি গাছ কাটা থেকে সবাইকে মুক্তি দিতে পারি।”
গত ১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে পরীক্ষামূলকভাবে অনলাইনে কজলিস্ট চালু হলেও এ বছর ৩১ জানুয়ারি থেকে প্রতিদিন রাত সাড়ে ৮টায় কোর্ট বিভাগের প্রত্যেকটি বেঞ্চের পরবর্তী দিনের কার্যতালিকা অনলাইনে প্রকাশ করা হচ্ছে।
