২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের মানববন্ধনে ঢাকায় সড়কে সড়কে যানজট

রাস্তার পাশে মানববন্ধনের কর্মসূচি ১৪ দল ডাকলেও তার প্রভাবে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের ধকল পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 06:26 PM

Updated : 11 Oct 2022, 07:46 PM

মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতে সোমবার বিকালে ঢাকা শহরের এক প্রান্ত গাবতলী থেকে অন্য প্রান্ত যাত্রাবাড়ী পর্যন্ত এই মানববন্ধন করে ক্ষমতাসীন জোট।

অফিস ছুটির পর অন্য দিনেও যানজট থাকে রাজধানীর সড়কগুলোতে। এদিন মানববন্ধনের কারণে তা আরও তীব্র হয় বলে স্বীকার করেছেন সড়কে গাড়ি সামলাতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা।

এই যানজটে পড়ে ফার্মগেইট থেকে গুলিস্তানের আগে জাতীয় প্রেস ক্লাবে পৌঁছাতেই দুই ঘণ্টা সময় লেগেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিআরটিসির একটি দ্বিতল বাসের চালক আব্দুল বাতেন।

প্রেস ক্লাবের সামনের সড়কে বিকালে গুলিস্থানমুখী গাড়িগুলোকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে বিপরীত পাশের সড়কে যানজট ছিল তুলনামূলক কম। 

সেখানে কর্তব্যরত মো. মিলন নামে একজন ট্রাফিক পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানববন্ধন ও সচিবালয় থেকে গাড়িগুলো বের হওয়ার কারণেই এই যানজট।”

জোটের বড় দল আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকা জিরো পয়েন্ট থেকে জিপিও হয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম পর্যন্ত রাস্তা পুরোপুরি বন্ধ ছিল।

লঞ্চ ধরতে সদরঘাটগামীদের অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে চলে যেতে দেখা যায়।

রূপসী বাংলা হোটেল থেকে শাহবাগ মোড়ে পর্যন্ত সড়কে এলাকায় চার লেইনের সড়কের মাত্র এক লেইন দিয়ে যান চলাচল করছিল বিকাল ৪টা থেকে ৫চটা পর্যন্ত।

কারওয়ান বাজারে দেখা যায়, উত্তর দিক থেকে শাহবাগের দিকে যানবাহনের দীর্ঘ লাইন। সার্ক ফোয়ারা পেরিয়ে চার লেইনে থাকা যানবাহনগুলো শম্বুক গতিতে দুই লেইনে যাচ্ছে।

Image
কারওয়ান বাজারে রাস্তা পেরিয়ে সড়ক দ্বীপে মানববন্ধনকারীরা অবস্থান নিতে গেলে গাড়ি চলাচল ব্যাহত হয়

কারওয়ান বাজারে রাস্তা পেরিয়ে সড়ক দ্বীপে মানববন্ধনকারীরা অবস্থান নিতে গেলে গাড়ি চলাচল ব্যাহত হয়

১৪ দলের কর্মী-সমর্থকরা সার্ক ফোয়ারার চারদিকে ঘিরে দাঁড়িয়েছিলেন। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সোনারগাঁওয়ের সামনে থেকে বাংলা মটর সিগন্যাল পর্যন্ত দাঁড়িয়েছিলেন তারা।

ওই এলাকায় সন্তানদের নিয়ে আটকে পড়া নাজনীন সুলতানা বেবী অফিস-আদালত খোলার দিনে এই ধরনের কর্মসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি জানান, উত্তরা থেকে দুপুর পৌনে ৩টায় নিজের গাড়িতে রওনা হয়ে এক ঘণ্টায় ফার্মগেইট এলেও সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইমেলায় যেতে তার লেগেছে পৌনে দুই ঘণ্টা।

নাজনীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা শহরে এভাবে কর্মসূচি পালন না করে, একটা নির্দিষ্ট জায়গায় দাবি-দাওয়াগুলো জানালেই তো পারে। আর সপ্তাহের মাঝে এভাবে না করে শনিবারে করলেও তো পারে।”

ফার্মগেইটের খামারবাড়ী থেকে আড়ং পর্যন্ত সড়ক মানিক মিয়া এভিনিউতে একপাশের গাড়িগুলো দীর্ঘক্ষণ আটকে ছিল।

সেখানে আটকে পড়া মাইক্রোবাস চালক আবুল মিয়া বলেন, “যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছি। কারওয়ান বাজার যাব। স্যার গাড়ির জন্য অপেক্ষার করছেন বলে বারবার ফোন করে জানতে চাইছেন, কোথায় আছি।”

আসাদ গেইট থেকে রাপা প্লাজা পর্যন্ত রাস্তার দুই পাশেই গাড়ির সারি ছিল স্থবির। আড়ংয়ের নিচে ১৪ দলের নেতা-কর্মীরা জড়ো ছিল। সেখানে কিছু সময় গাড়ি এক লেইনে চলাচল করলেও এক পর্যায়ে তাও বন্ধ করে দেওয়া হয়।

পান্থপথ, কলাবাগান, সাইন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকাতেও দেখা গেছে যানজট।

তবে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল অনেকটাই ফাঁকা।

ওই এলাকার রিকশাচালক জলিল মিয়া বলেন, “দুপুরে মানববন্ধন শুরুর কিছু পর থেকেই যানজট শুরু হয়। বহু মানুষ রিকশা থেকে নেমে চলে গিয়েছিলেন।”

বাংলামটর এলকায় কর্মরত পুলিশের পরিদর্শক বজলুর রহমান বলেন, “মানববন্ধন থাকার কারণে এই সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। মানববন্ধন শেষ হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।”

তবে সন্ধ্যার পরও বিভিন্ন সড়কে বিকালের যানজটের রেশ ছিল।